ই-বাণিজ্য মেলার স্টল বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম ই-বাণিজ্য মেলার জন্য স্টল বরাদ্দ ও স্পনসরের তালিকা ঘোষণা করা হয়েছে। মেলা উপলক্ষে গতকাল শনিবার বেসিসের সেমিনারকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে লটারির মাধ্যমে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দ করা হয় ২০টি স্টল। একই সঙ্গে টেলিটক থ্রিজি ও সেলবাজারকে এই মেলার প্লাটিনাম স্পনসর এবং বিকাশ ও এসএসএল কমার্জকে গোল্ড স্পনসর হিসেবে ঘোষণা করা হয়।এই প্রস্তুতি সভায় মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আয়োজক ও অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা হয়। এতে মেলার প্রচার-প্রচারণাসহ সার্বিক বিষয়ে আলোকপাত করেন আয়োজকেরা। অংশগ্রহণকারীরা মেলা নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথাও এই সভায় তুলে ধরেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন আকর্ষণীয় অফার ও উপহারের প্রতিশ্রুতি দেয়। এ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের সেরা পণ্য ও সেবা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ঘোষণা দেয়।মেলায় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল ‘ওয়েবশহর’ প্রকল্পটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে জানা গেছে। একইভাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবা টেলিটক এতে হাজির হয় থ্রিজি নিয়ে। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা দর্শকদের সামনে তুলে ধরবে।এ ছাড়া এই মেলায় প্রতিদিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থাকবে ফুড কর্নারও। এহতেশাম উদ্দিন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক মো. আবদুল ওয়াহেদ, মাসিক ‘কম্পিউটার জগত’-এর সহকারী সম্পাদক এম এ হক অনু এবং মেলার গোল্ড স্পনসর এসএসএল কমার্জের নির্বাহী পরিচালক সাইফুর রহমান।সর্বাধিক পঠিত আইসিটি সাময়িকী ‘কম্পিউটার জগত’-এর উদ্যোগে আয়োজিত এই ই-বাণিজ্য মেলা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত এই মেলায় আটটি প্যাভিলিয়নসহ মোট ৪০টি স্টল থাকবে। মেলায় অংশগ্রহণ করছে মোট ৩১টি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।