ই-বুকে ‘জেমস বন্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ান ফ্লেমিংয়ের দুর্ধর্ষ জেমস বন্ডকে এবারে পাওয়া যাবে ডিজিটাল সংস্করণের বই, ই-বুকে। জেমস বন্ডের কাহিনিগুলো ই-বুক ও ছাপার সংস্করণে আনছে যুক্তরাজ্যের প্রকাশনা প্রতিষ্ঠান র্যান্ডম হাউস গ্রুপ। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, ইয়ান ফ্লেমিংয়ের প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে র্যান্ডমের প্রকাশনা প্রতিষ্ঠান ভিনটেজ। ১৬ মার্চ শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে জেমস বন্ডের ১৪টি বই ও দুটি ননফিকশন ছাপা ও ই-বুক তৈরি করতে পারবে ভিনটেজ।র্যান্ডমের প্রকাশনা প্রতিষ্ঠান ভিনটেজ বুকসের সঙ্গে জেমস বন্ড প্রকাশনার পুরোনো সম্পর্ক রয়েছে। ১৯৫৩ সালে জোনাথন কেপ ইয়ান ফ্লেমিংয়ের প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’ ছেপেছিল। এই প্রতিষ্ঠান ছিল ভিনটেজের সহযোগী প্রতিষ্ঠান।ইয়ান ফ্লেমিং পাবলিকেশন লিমিটেডের পরিচালক করনি টারনার জানিয়েছেন, ‘জেমস বন্ডের আসল প্রকাশকদের কাছে ফিরে যেতে পেরে আমরা আনন্দিত। নতুন চুক্তির ফলে ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ডকে নতুন ফরম্যাটে আনার সুযোগ তৈরি হয়েছে।’ এ বছরের এপ্রিল মাস থেকে ইংরেজি ভাষায় ছাপা ও ই-বুক সংস্করণ তৈরি করবে ভিনটেজ। এর আগে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন জেমস বন্ড ছাপার কাজ করত।চলতি বছর জেমস বন্ডের কাহিনি অবলম্বনে চিত্রায়িত ‘ড. নো’ চলচ্চিত্রটির ৫০ বছর পূর্তি হবে। এ ছাড়া এ বছরই নতুন বন্ড মুভি ‘স্কাইফল’ মুক্তি পাবে। বই ও চলচ্চিত্রের পাশাপাশি এখন ই-বুক হিসেবেও জেমস বন্ড পড়ার সুযোগ তৈরি হচ্ছে।