ই-বুকের দাম না বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সরকারের দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে। মার্কিন সরকার অভিযোগ করেছে, অ্যাপল ই-বুকের দাম নির্ধারিত করার চেষ্টা করছে। এ জন্য অ্যাপল বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। নিউইয়র্কের একটি আদালতে গতকাল সোমবার এ মামলার শুনানি শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগ গত বছরের এপ্রিল মাসে এই মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপল ই-বুকের দাম বাড়ানোর জন্য পাঁচটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে। মূলত ই-বুকের বাজারে আমাজন ডটকমের আধিপত্য খর্ব করার জন্য অ্যাপল এই চেষ্টা করছে। অ্যাপল যে পাঁচটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে এর মধ্যে রয়েছে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন। প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাপলের সাড়ে সাত কোটি ডলারের চুক্তি হয়েছে। অপর চারটি প্রতিষ্ঠান হচ্ছে হ্যাচেট, হার্পারকলিন্স, সিমন অ্যান্ড শুস্টার ও ম্যাকমিলান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলছেন, চুক্তি অনুযায়ী ই-বুক বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি নির্দিষ্ট ভাগ অ্যাপল পাবে। এতে করে আমাজন এত দিন যে কম দামে ই-বুক বিক্রি করে আসছিল, সেটা আর তারা করতে পারবে না। তবে অ্যাপল বলছে, তাদের এই চুক্তির ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষতির মুখে পড়ার কোনো কারণ নেই। তা ছাড়া আমাদের এই চুক্তির ফলে কোনো বই কেনার জন্য পাঠককে বাড়তি অর্থ দিতে হবে না। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান