ই-মেইল @ ৪২
বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহূত ব্যবস্থা ইলেকট্রনিক মেইল বা ই-মেইল ৪২ বছরে পা দিল। ই-মেইল নিয়ে কাজ শুরু হয় ১৯৭১ সালের জানুয়ারিতে। ই-মেইলের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রোগ্রামার রে টমলিনসনের হাত ধরে। মূলত ডিজিটাল বার্তা, যা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে পাঠানো হয়, সেটিই ই-মেইল। রে টমলিনসন অ্যাপ্রানেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোর ব্যবস্থাটি এসঅ্যান্ডডিএমএসজি নামের একটি প্রোগ্রাম তৈরির সময় আবিষ্কার করেন। ১৯৭১ সালের অক্টোবরে প্রথম ই-মেইল পাঠানো হয়। মজার বিষয় হচ্ছে, একেবারে শুরুর দিকে ই-মেইল প্রেরক এবং প্রাপক দুজনকেই ই-মেইল পাঠানোর সময় নেটওয়ার্কে যুক্ত থাকতে হতো। বর্তমানে ই-মেইল পাঠালে সেটি সার্ভার গ্রহণ করে এবং পরে প্রাপককে পাঠিয়ে দেয়। এ ক্ষেত্রে এখন আর প্রাপককে অনলাইনে থাকতে হয় না। শুধু সার্ভারটি চালু থাকলেই হয়। @ চিহ্নটি ই-মেইল ঠিকানায় ব্যবহার করা হয়।দ্রুত যোগাযোগের ক্ষেত্রে ই-মেইলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের স্কুল অব ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেমের তথ্য অনুযায়ী, ২০০১ সালে প্রতিদিন প্রায় তিন হাজার ১০০ কোটি ই-মেইল আদান-প্রদান হতো! ২০০৮ সালে তা বেড়ে হয়েছে ১৭ হাজার কোটি এবং প্রতি সেকেন্ডে এর সংখ্যা ছিল ২০ লাখ! সর্বশেষ ২০১০ সালে এই সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৪০০ কোটিতে! বর্তমানে তা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি হারে। বর্তমানে বিনা মূল্যে ই-মেইল-সেবার মধ্যে জনপ্রিয় হচ্ছে গুগলের জিমেইল, ইয়াহু!, মাইক্রোসফটের আউটলুক ইত্যাদি। —দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আশফাক আলম