ই-মেইল থেকে ‘ছুটি’ নিলে কাজের চাপ কমে
কোনো কাজে আরও মনোনিবেশ করতে চান? তাহলে ই-মেইল থেকে কিছুদিনের জন্য ছুটি বা বিরতি নিন। আপনি যেখানে কাজ করেন, সেই অফিস থেকে যেসব ই-মেইল আপনার ইনবক্সে এসে জমা হয়, সেগুলো পড়া থেকে বিরত থাকুন। এতে আপনি চাপমুক্ত থেকে কাজ করতে পারবেন ফলে আপনার মনোসংযোগে বিঘ্ন ঘটবে না। সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক গ্লোরিয়া মার্ক তাঁর গবেষণায় এই ফল পেয়েছেন। এক খবরে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, কাজ থেকে চাপ মুক্তির জন্য গবেষকরা কম্পিউটার ব্যবহারকারীর হূত্স্পন্দন পরীক্ষা করে এ তত্ত্ব দিয়েছেন।অফিসের কর্মীদের হূত্স্পন্দন ও তাঁদের কম্পিউটার ব্যবহারের বিষয়টি পরীক্ষা করে দেখেছেন গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, যাঁরা দিনে অন্তত দুবার ই-মেইল পড়ার জন্য ইনবক্স ঘেঁটে দেখেন তাঁদের হূত্স্পন্দন দ্রুত হয়। আর যাঁরা পাঁচ দিন পর্যন্ত ই-মেইল পড়া বাদ দিয়েছেন তাঁরা খুবই স্বাভাবিক ও চাপমুক্ত হয়ে বেড়িয়েছেন। গবেষক গ্লোরিয়া মার্ক ও স্টিফেন ভোয়ডা তাঁদের গবেষণায় বোস্টনের একটি অফিসে কম্পিউটার নির্ভর কর্মীদের বেছে নিয়েছিলেন। গবেষণা করতে গিয়ে গ্লোরিয়া দেখেছেন, কর্মীদের ওপর থেকে যখন ই-মেইল পড়ার চাপ সরে যায়, তখন তাঁরা কাজের চাপ কম বোধ করেন এবং তাঁদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন। আর যারা ই-মেইলের চাপে থাকেন তাঁরা ঘণ্টায় গড়ে ৩৭ বার উইন্ডো বদল করেন।গ্লোরিয়ার পরামর্শ হচ্ছে, বারবার ই-মেইল না ঘেঁটে, মাঝেমধ্যে বিরতি দেয়া উচিত। এ ছাড়া চাপ কমাতে মাঝেমধ্যে নিজের চেয়ার ছেড়ে উঠে সহকর্মীর সঙ্গে গল্প করাও প্রয়োজন। এ ছাড়া চাপ মুক্ত থাকতে ই-মেইল থেকে কিছুদিনের জন্য ছুটি নেওয়াটা ফলপ্রসূ হতে পারে বলেও পরামর্শ দিয়েছেন গ্লোরিয়া। অবশ্য এ বিষয়ে আরও গবেষণায় প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি।