ই-মেইল পাঠিয়েছেন, কিন্তু যাঁর কাছে পাঠানো হয়েছে তিনি কি মেইলটা পড়েছেন? এটা না জানা পর্যন্ত অনেক সময় যেন স্বস্তি পাওয়া যায় না৷ জিমেইলের জন্য স্ট্রিক নামের একটি ছোট্ট প্রোগ্রাম আছে, যা দিয়ে ব্যক্তিগতভাবে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের পাঠানো মেইল প্রাপক পড়েছেন কি না বুঝতে পারবেন। মেইলটি কতবার পড়া হয়েছে এবং যে বা যাঁরা পড়েছেন তাঁদের অবস্থানও জানা যাবে এটি দিয়ে। এ জন্য স্ট্রিকের ওয়েবসাইটে (www.streak.com) গিয়ে ইনস্টল বোতামে ক্লিক করতে হবে। যখন অ্যাড, কন্টিনিউ উইথ স্ট্রিক এবং অ্যাকসেপ্ট অপশন আসবে, তখন সেগুলো ক্লিক করে অনুমতি দিতে হবে। তারপর হাউ ক্যান স্ট্রিক হেল্প ইউ অপশন এলে যেকোনো একটা বাছাই করে স্কিপ চাপুন। এরপর জিমেইল ইনবক্স চালু হবে।
নতুন একটি মেইল লিখতে কম্পোজে ক্লিক করুন। এবার বার্তা আসবে ‘এনাবল ট্র্যাকিং বাই ডিফল্ট’। নিচের ‘টার্ন অন ট্র্যাকিং বাই ডিফল্ট’ অপশনটিতে ক্লিক করুন। মেসেজ উইন্ডোতে হলুদ রঙের একটি চোখের আইকন দেখা যাবে। নিউ মেসেজ উইন্ডোটি মিনিমাইজ করে ওপরের ডানে থাকা সেটিংসে ক্লিক করুন৷ এখান থেকে স্ট্রিক মেনুতে গেলে চালু থাকা ট্র্যাক ই-মেইল বাই ডিফল্ট অপশনটি নিষ্ক্রিয় করা যাবে। স্ক্রল করে নিচে থাকা ব্রাউজার নোটিফিকেশন অংশে গিয়ে কী ধরনের বার্তা পেতে চান, সেটি বাছাই করুন৷ ওপরে থাকা জেনারেল মেনুর সেটিংসে গিয়ে ডেস্কটপ নোটিফিকেশন থেকে চ্যাট এবং নিউ মেইল নোটিফিকেশন চালু করে সেভ চেঞ্জেসে ক্লিক করুন৷
মিনিমাইজ করা নিউ মেসেজ উইন্ডোটি আবার চালু করে নিজের কাছেই একটি পরীক্ষামূলক মেইল পাঠিয়ে দিন। জিমেইলে বাঁদিকের প্যানে থাকা সেন্ট মেইলে ক্লিক করলে পাঠানো মেইলের ডানে চোখের একটি ধূসর আইকন দেখা যাবে। যখনই মেইলটি পড়া হবে তখন এ আইকনটি সবুজ হয়ে যাবে। আইকনে মাউস নিয়ে গেলে কতবার মেইলটি পড়া হয়েছে তা জানা যাবে। পাঠানো মেইলটিতে ক্লিক করলে যিনি মেইলটি পড়েছেন তাঁর অবস্থানসহ তথ্য পাশের বারে দেখা যাবে। —মঈন চৌধুরী