অনেক সময় কাজের চাপে বা ছুটিতে থাকলে ইন্টারনেটে বসে ই-মেইল দেখা নাও হতে পারে। আবার গুরুত্বপূর্ণ মেইল এলে তার প্রত্যুত্তর (রিপ্লাই) দেওয়াও জরুরি। এ ক্ষেত্রে সহজ সমাধান হলো ছুটিতে থাকার সময় ই-মেইলের প্রত্যুত্তর যাতে স্বয়ংক্রিয়ভাবে প্রেরকের কাছে চলে যায় সে ব্যবস্থা করা।
জিমেইলে এ কাজটি করার জন্য মেইলে ঢুকে ওপরের ডান দিকের মেন্যু থেকে Settings-এ যান। General ট্যাবের Vacation responder-এর Vacation responder on নির্বাচন করুন। First Day এবং Ends-এ যথাক্রমে স্বয়ংক্রিয় রিপ্লাই শুরু এবং শেষ হওয়ার দিনটি নির্ধারণ করে দিতে হবে। Subject-এ Auto Response লিখে Message-এ প্রয়োজনীয় বার্তা লিখে দিন। এখানে Only send a response to people in my Contacts-এ টিক দিলে e-mail Contacts-এ থাকা নির্ধারিত ব্যক্তিদের কাছেই শুধু স্বয়ংক্রিয় বার্তা যাবে। Save Changes বোতাম চেপে কাজটি সম্পন্ন করে নিন।
ইয়াহুর জন্য মেইলে ঢুকে ওপরের ডানের মেন্যু থেকে Mail Options-এ যান। বামের Vacation response-এ ক্লিক করুন। Enable...dates (inclusive)-এ টিক চিহ্ন দিন। From এবং Until-এ যথাক্রমে শুরু এবং শেষের তারিখ নির্বাচন করুন। Message ঘরে প্রয়োজনীয় বার্তা লিখে দিন। Send Sample Copy To Me নির্বাচন করে দিলে বার্তার অনুলিপি আপনার মেইলে থেকে যাবে। ওপরের Save বোতাম চাপলেই ভ্যাকেশন রেসপন্স সক্রিয় হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত কেউ মেইল করলেই স্বয়ংক্রিয় বার্তাটি তাঁর কাছে চলে যাবে। —মো. রাকিবুল হাসান