বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হওয়া দেশের সর্ববৃহত্ সফটওয়্যার মেলা বেসিস সফটএক্সপো-২০১০-এ গতকাল বুধবার ‘নিউ বিজনেস অপরচুনিটি আফটার ওপেনিং দ্য ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যংক ই-পেমেন্টের প্রকল্পটি গ্রহণ করেছে এবং এ ব্যাপারে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। আশা করা যায়, তারা সাহায্য করবে। যদি তারা সহযোগিতা না করে, বাংলাদেশ ব্যাংকের নিজের অর্থায়নে এ কাজটি সম্পন্ন করা হবে। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ, স্পিনোভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি আই এম নুরুল কবিরসহ অনেকে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হওয়ার আগে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে দেশে কীভাবে লেনদেন করা হতো সে বিষয়টি উপস্থাপন করেন এবং বর্তমানে চালু হওয়া এই পদ্ধতির সঙ্গে পার্থক্যগুলো তুলে ধরেন।সেমিনারে বলা হয়, ই-লেনদেনের ব্যাপারটি কীভাবে আরও সহজ করা যায় এবং নতুনেরা কীভাবে এর মাধ্যমে উপকৃত হতে পারে, সে বিষয়টি জরুরি। ডিজিটাল এই পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন করার জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে আসতে হবে। নতুন বেশ কিছু সম্ভাবনার কথাও তুলে ধরা হয় মূল প্রবন্ধে। সেমিনারে আরও বলা হয়, ডিসেম্বর মাসের মধ্যেই ই-পেমেন্ট সিস্টেমটি সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হবে। এর ফলে ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন বা বিভিন্ন ধরনের বিল প্রদান ও কেনাকাটা করা যাবে। এ ধরনের লেনদেন করার জন্য নতুন উদ্যোক্তারা উপকৃত হবে। গ্রাম বা প্রত্যন্ত এলাকার লোকেরা সহজেই এটি ব্যবহার করতে পারবে। কিছু দিনের মধ্যে সোনালী ব্যাংক দেশে নতুন ১০ হাজার উদ্যোক্তাকে সহায়তা করবে। প্রতিটি ইউনিয়নে পাঁচজন করে বেকার যুবক একত্র হয়ে তাদের কাছ থেকে একসঙ্গে পাঁচ লাখ টাকা ঋণ নিতে পারবে। এই ঋণ দিয়ে তারা তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।—নাসির খান