ই-সফটের এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-সফটের এক যুগ পালন
ই-সফটের এক যুগ পালন

১১ বছর ধরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক নানা সেবা দিয়ে যাচ্ছে ই-সফট। গতকাল শনিবার এই প্রতিষ্ঠানটি ১২ বছরে পা দিয়েছে। ২০০৪ সালে ই-সফট প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা আরিফুল হাসান। এক যুগে পদার্পণ উপলক্ষে ডোমেইন, হোস্টিং ও অন্যান্য সেবায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় তথ্যপ্রযুক্তি-ভিত্তিক সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এক যুগ যাত্রার অনুষ্ঠান পালন করেছে ই-সফট।
দীর্ঘ ১১ বছর ধরে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক আরিফুল হাসান অপু।
আরিফুল হাসান প্রথম আলোকে বলেন, ই-সফট এখন পর্যন্ত ৮০০-এর অধিক প্রতিষ্ঠানকে ওয়েব এবং ই-কমার্স সম্পর্কিত নানা সেবা দিয়ে আসছে। এখন মূলত ই-কমার্স ও ওয়েব ডেভেলপমেন্টকেই অধিক গুরুত্ব দিয়ে কাজ করে ই-সফট। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪ জন কর্মী কাজ করছেন। এখান থেকে ৫০ জনেরও বেশি প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কাজ করছেন বলে দাবি করেন তিনি।
আরিফুল হাসান আরও বলেন, ‘২০০৪ সালে যখন চাকরি না করে উদ্যোক্তা হিসেবে ই-সফট প্রতিষ্ঠা করেছিলাম তখন অনেক কঠিন সময় পার করতে হয়েছে। কারণ, তখন তথ্যপ্রযুক্তি-ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল কম। ওয়েবসাইট তৈরিতে মানুষের আগ্রহ ছিল কম। অনেক চ্যালেঞ্জ ছিল। অনেক কঠিন সময় পার করে ই-সফট এখন সফল প্রতিষ্ঠান। বর্তমানে আমি বেসিসের পরিচালক, স্টুডেন্ট ফোরামের সংগঠক ও ই-সফটের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছি।’
নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে আরিফুল বলেন, নতুন উদ্যোগ সফল করতে অনেক বেশি বাধা আসবে, কঠিন সময় পাড়ি দিতে হবে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। লেগে থাকলে একদিন উদ্যোগ সফলতার মুখ দেখবে।

ই-সফটের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, ভবিষ্যতে ই-সফট (http://esoft.com.bd) আরও উন্নত গ্রাহক সেবা দিয়ে যাবে।