ই-সেবা কার্যক্রম নিয়ে সাতক্ষীরায় সভা
সনাতনী পদ্ধতি বাদ দিয়ে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে ই-সেবা। সাতক্ষীরা জেলায় ই-সেবাকেন্দ্র থেকে প্রশাসনের কাছে যেকোনো ধরনের প্রশাসনিক সেবার জন্য আবেদন করা যাবে। এই পদ্ধতিতে নাগরিক আবেদন ও দাপ্তরিক চিঠি গ্রহণ করা হবে। ডিজিটাল এই পদ্ধতিতে সব ধরনের চিঠি ও নথিপত্র নিষ্পত্তি হওয়ায় জেলা প্রশাসনে কর্মতৎপরতা বাড়বে। একই সঙ্গে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এতে মানুষের ভোগান্তি হ্রাস পাবে, দুর্নীতি ও দীর্ঘসূত্রতা কমে আসবে। বাড়বে গতিশীলতা। ই-সেবার কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান এসব কথা বলেন।সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শুক্রবার অনুষ্ঠিত ই-সেবা সম্পর্কে অবহিতকরণ সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ প্রমুখ। ই-সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. হামিম হাসান। সভায় জানানো হয়, যশোর জেলায় এই সেবা চালু করে সাফল্য এসেছে। দ্বিতীয় পর্বে সাতক্ষীরাসহ আরও ছয়টি জেলায় এই সেবা চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে ই-সেবা চালু করা হবে। এই সেবার মাধ্যমে রেকর্ডরুমের নকলের জন্য আবেদনসহ যেকোনো ধরনের আবেদন করতে পারবে জনসাধারণ। এই পদ্ধতির আওতায় পর্যায়ক্রমে পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ সব বিভাগের সঙ্গে যোগসূত্র তৈরি করা হবে। — সাতক্ষীরা প্রতিনিধি