ই-সেবা নিয়ে কর্মকর্তাদের কর্মশালা
ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেমের আওতায় সব ধরনের সরকারি সেবাকে ই-সেবায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে, স্বল্প খরচে সব ধরনের সেবা পৌঁছে দেওয়া। তাই জনগণকে সম্পৃক্ত করেই যেকোনো ধরনের ডিজিটালাইজেশন পরিকল্পনা করতে হবে। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, সরকারের সব সেবাকে ই-সেবায় রূপান্তর করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা কর্মশালার উদ্বোধন করেন। দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা এবং জেলা পর্যায়ে সরকারি ২৮টি অধিদপ্তর ও বিভাগের মহাপরিচালকেরা অংশ নেন। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) এ কর্মশালার আয়োজন করে। —বিজ্ঞপ্তি