ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সিরাজগঞ্জে ‘জেলা ই-সেবাকেন্দ্র’ শীর্ষক সেমিনার গতকাল বুধবার শহীদ এম মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে জেলা প্রশাসকের কাছ থেকে যেকোনো তথ্যের জন্য ই-মেইলে আবেদন করা যাবে। বাড়িতে বসে থেকেই সব তথ্য সংগ্রহ করা যাবে। ভবিষ্যতে জেলার বিভিন্ন দপ্তরেও এই ই-সেবা কার্যক্রম চালু করা হবে। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিথিরা মত ব্যক্ত করেন।জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোশারফ হোসেনসহ অনেকে। সেমিনারে সরাসরি ই-মেইলের সঙ্গে সংযুক্ত করে ভিডিওর মাধ্যমে আবেদনের নিয়মসহ তথ্য পাওয়ার সার্বিক বিষয় দেখানো হয়। এই অনুষ্ঠানে জেলার সব উপজেলার চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। —সিরাজগঞ্জ অফিস