ই-সেবায় জেলা প্রশাসকদের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ই-সেবা কার্যক্রমের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক আবদুল মজিদ, যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা শাহানা বারী। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক বার্তায় বিষয়টি জানা গেছে। ৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ই-সেবা (আইসিটি) কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে এ পুরস্কার পাচ্ছেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু আবদুল্লাহ ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিয়ার রহমান। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমান ও দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে নীলফামারীর জেলা প্রশাসক বলেন, ‘ই-সেবা (আইসিটি) কার্যক্রমের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার সকালে বার্তা পেয়েছি।’—মীর মাহমুদুল হাসান, নীলফামারী