ইঁদুরের সেলফি!

এখন সেলফির যুগ। হরহামেশা সেলফি তুলছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। ব্রিটেনের রানি থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত সেলফি তুলেছেন। কিন্তু সেলফি যদি ইঁদুরও তুলতে শুরু করে, তবে কেমন দেখায়? সত্যি সত্যিই যুক্তরাষ্ট্রের একটি ইঁদুর সেলফি তুলে ওয়েব দুনিয়ায় রীতিমতো শোরগোল তুলে ফেলেছে। ঘটনাটি নিউইয়র্ক সিটির একটি রেলস্টেশনে ঘটেছে।
আইএএনএস বলছে, এটি ঘটেছে ডন রিচার্ডস নামের এক পর্যটকের চোখের সামনে। ওই পর্যটকের ভাষ্য, তিনি যখন ব্রুকলিন সিটির প্রেসিডেন্ট স্ট্রিটের রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন; সেখানে তিনি ঘটনাটি দেখেন। প্ল্যাটফর্মের এক কোণে সোয়েটার পরা এক ব্যক্তি ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি ইঁদুর তাঁর কোলের ওপর উঠে পড়ে। লোকটি জেগে গিয়ে ভয় পেয়ে হঠাৎ লাফিয়ে ওঠেন। এ সময় ওই ব্যক্তির ফোনটি পড়ে যায়। কোনোভাবে হয়তো মোবাইল ফোনের ক্যামেরা চালু হয়ে গিয়েছিল। ইঁদুরটি ছুটে পালাতে যাওয়ার সময় মোবাইল ফোনের ক্যামেরায় তার সেলফি উঠে যায়।
পর্যটক ডন রিচার্ডস পুরো ঘটনাটি তাঁর মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছেড়ে দিয়েছেন।