ইংরেজি উইকিপিডিয়ায় ৪০ লাখ নিবন্ধ
জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি ভাষার উইকিপিডিয়া (http://en.wikipedia.org) ৪০ লাখ নিবন্ধের মাইলফলক পার করেছে। সম্প্রতি ২৮৫টি ভাষায় থাকা বিশ্বের অন্যতম এ মুক্তকোষের মধ্যে ইংরেজি ভাষার উইকিপিডিয়াই প্রথম এ মাইলফলক অর্জন করল। মিসরের একটি শহর নিয়ে ৪০ লাখতম নিবন্ধটি লিখেছেন ইংরেজি এবং আরবি ভাষার উইকিপিডিয়ান (উইকি স্বেচ্ছাসেবক) মোহাম্মদ ফারাগ। ৪০ লাখ নিবন্ধের মধ্যে ইংরেজি উইকিপিডিয়াতে বর্তমানে প্রায় ২০ হাজার পূর্ণাঙ্গ নিবন্ধ রয়েছে। গতকাল শনিবার শেষ হওয়া উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন উইকিম্যানিয়া ২০১২তে এ উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নিয়মিতভাবে ইংরেজি উইকিপিডিয়াতে এক লাখ ২৯ হাজার ৪৫৯ জন উইকিপিডিয়ান কাজ করে যাচ্ছেন। ২০০৬ সালের ১ মার্চ প্রথম নিবন্ধের সংখ্যা ১০ লাখ পার করে ইংরেজি উইকিপিডিয়া। পরবর্তী সময়ে ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর ২০ লাখ এবং ২০০৯ সালের ১৬ আগস্ট ৩০ লাখ নিবন্ধ যুক্ত হয় ইংরেজি উইকিপিডিয়াতে। ইংরেজি ভাষার পাশাপাশি বর্তমানে জার্মানি, ফ্রান্স, ডাচ ভাষার উইকিপিডিয়া ১০ লাখ নিবন্ধের মাইলফলক পার করেছে। বিভিন্ন ভাষার মধ্যে ২০০৪ সালে শুরু হওয়া বাংলা উইকিপিডিয়াতে (http://bn.wikipedia.org) বর্তমানে নিবন্ধের সংখ্যা ২৩ হাজারের বেশি। বাংলা উইকিপিডিয়াতে নিয়মিতভাবে কাজ করছেন ২৫৩ জন উইকিপিডিয়ান। —উইকিমিডিয়া ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী