ইআইএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রত্যন্ত অঞ্চলের মানুষের তথ্যপ্রযুক্তি ব্যবহারের দ্বার উন্মোচন করেছে। এসব কেন্দ্র থেকে শিক্ষা নিয়ে মানুষ যেমন তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠছে, তেমনি উদ্যোক্তারা বাড়তি উপার্জনেরও সুযোগ পাচ্ছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিবন্ধিত ছয়টি ইউআইএসসি থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম ইউআইএসসি। এই কেন্দ্রগুলো বেকার তরুণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাজাহান মিয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ অনেকে।গ্রামের শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য দেশের ছয়টি ইউআইএসসিকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত করে কম্পিউটার কোর্স চালু করা হয়। শিক্ষার্থীরা ইউআইসসির মাধ্যমে অনলাইনে বোর্ড রেজিস্ট্রেশন ও বোর্ডের সিলেবাস অনুসরণ করে প্রশিক্ষণ নেন। বোর্ডের সমাপনী পরীক্ষায় মোট ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৬ জন উত্তীর্ণ হয়।—জাহিদ হোসাইন খান