ইউআইএসসি থেকে রবি’র সেবা সম্প্রসারণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির বিভিন্ন সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউআইএসসি উদ্যোক্তাদের রবির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষকে এ সুবিধা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হোসেন এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।প্রথম পর্যায়ে সমঝোতা স্মারক বাস্তবায়ন শুরুর এক বছরের মধ্যে রবি ৮০০ ইউআইএসসিতে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ কার্যক্রম চালু হলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ইউআইএসসি থেকে রবির সিম কিনতে পারবেন এবং অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। এ ছাড়া রবি ইন্টারনেট ব্যবহার এবং রবি সিম ব্যবহার করে মুঠোফোন ব্যাংকিংসুবিধাও পাওয়া যাবে। অদূরভবিষ্যতে ‘রবি অর্থ’ কার্যক্রম চালু হলে ইউআইএসসি থেকে রেমিট্যান্সের অর্থ সংগ্রহ এবং বিভিন্ন নাগরিক পরিষেবার বিল পরিশোধ করা যাবে। প্রতিটি সেবা দেওয়ার বিপরীতে উদ্যোক্তারা রবির কাছ থেকে বিভিন্ন হারে কমিশন লাভ করবেন। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র টেকসই করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির নানামুখী সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। —বিজ্ঞপ্তি