ইউউিটবে ধীরগতির ভিডিওর জন্য দায়ী আইএসপি

ইউটিউবে ভিডিও দেখতে চাচ্ছেন অথচ তা লোড হতে দেরি হচ্ছে? ইউটিউবের ওই ভিডিওতে কোনো সমস্যা নেই, যত সমস্যা আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের।
গত কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও লোড হওয়ার গতি কম হলে নতুন একটি এরর বার দেখাচ্ছে। ভিডিও লোড হওয়ার কারণ দেখতে গেলে গুগলের ভিডিও কোয়ালিটি রিপোর্ট নামের একটি পেজ খুলছে। যাতে ভিডিওর মান তুলনা করা যায়।
সম্প্রতি প্রকাশিত ভিডিও কোয়ালিটি রিপোর্টে ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর দিকেই আঙুল তুলছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইন্টারনেট স্র্বিমিং মিডিয়া নেটফ্লিক্সকে অনুসরণ করে ‘ভিডিও কোয়ালিটি রিপোর্ট’ প্রকাশ করেছে ইউটিউব। এ প্রতিবেদন অনুযায়ী, ‘ইউটিউব এইচডি’ স্বীকৃত নয় এমন আইএসপি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। আইএসপি ‘ইউটিউব এইচডি’ স্বীকৃতিপ্রাপ্ত না হলে ভিডিওতে নীল রঙের ব্যানার জুড়ে দিতে পারে ইউটিউব, যা ওই আইএসপির সেবার মান খারাপ সে বিষয়টি ইঙ্গিত করে।