ইউএসটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি)।স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের পর আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চেয়েছিলেন।কিন্তু এ ব্যাপারে দুপুর পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা ক্যাম্পাসে ভাঙচুর চালান।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি (এফসেট) অনুষদের জন্য স্থায়ী ডিন নিয়োগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সদস্যপদ, ব্যবসায় অনুষদে স্থায়ী অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগ এবং এমবিবিএস ২৫ ও ২৬ ব্যাচের ইন্টার্ন চিকিত্সকদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতি।
প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ সকালে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ভারপ্রাপ্ত সহ-উপাচার্যের কক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন।কিন্তু দুপুর পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ভাঙচুর চালান।তাঁরা বিশ্ববিদ্যালয় মিলনায়তন, লাইব্রেরি, এনাটমি বিভাগ, বায়োলজি ল্যাব এবং প্রশাসনিক ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন।একপর্যায়ে ক্যাম্পাসের ভেতরের রাস্তায় বিভিন্ন আসবাবে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।খবর পেয়ে নগরের পাঁচলাইশ জোনের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফের নেতৃত্বে খুলশী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর থেকে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভারপ্রাপ্ত সহ-উপাচার্য, রেজিস্ট্রারের মধ্যে দফায় দফায় আলোচনা চলে।
রেজিস্ট্রার শামস-উদ-দোহা প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির কথা জানিয়ে আমরা জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে টেলিফোন এবং মুঠোফোন বার্তার (এসএমএস) মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছি।কিন্তু কোনো সাড়া পাইনি।বিষয়টি জানার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায়।বিকেলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।’
শিক্ষার্থীরা আজ চেয়ারম্যানের সঙ্গে চট্টগ্রাম ক্যাম্পাসে আলোচনায় বসার ব্যাপারে ভারপ্রাপ্ত সহ-উপাচার্যের মাধামে গত ৩ নভেম্বর চিঠি পাঠিয়েছিলেন।সেদিন থেকে তাঁরা এসব দাবি আদায়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছেন।একই দিন থেকে নিজেদের বিভিন্ন দাবির পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমন্বয় পরিষদ কর্মবিরতি পালন করছেন।বন্ধ রয়েছে ক্যাম্পাস-সংলগ্ন বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষের মালিকানাধীন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের বহির্বিভাগ।
বিষয়টি স্বীকার করে ইন্টার্ন চিকিত্সক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আমরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম।কিন্তু তাঁর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।আমরা কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’