ইউএসবি যন্ত্র যখন কাজ করে না

কমবেশি প্রতিদিনই নানা রকম ইউএসবি যন্ত্র নিয়ে কাজ করতে হয়। এসব ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) যন্ত্র কম্পিউটারে যুক্ত করার পর ঠিকমতো কাজ না করলে ধরে নেওয়া যায়, কোথাও কোনো সমস্যা হয়েছে। হার্ডওয়্যার বা সফটওয়্যারজনিত সমস্যা হতে পারে। আবার ইউএসবি যন্ত্রে বা কম্পিউটারেও সমস্যা থাকতে পারে।
প্রথমেই ইউএসবি যন্ত্রটিকে কম্পিউটার থেকে খুলে আবার লাগিয়ে দেখুন, সমস্যা দূর হয় কি না। না হলে যন্ত্রটি খুলে কম্পিউটার বন্ধ করে আবার চালু (রিস্টার্ট) করুন। প্রয়োজনে অন্য আরেকটি ইউএসবি পোর্টে লাগিয়ে দেখুন। তখনো যদি কাজ না করে, তাহলে সমস্যার আরেকটু গভীরে যেতে হবে। এবার অন্য আরেকটি কম্পিউটারে যন্ত্রটি লাগিয়ে দেখুন এবং একই সঙ্গে ভিন্ন আরেকটি ইউএসবি যন্ত্র নিজের কম্পিউটারে লাগান। এ থেকে সমস্যাটা আঁচ করা যাবে। কিন্তু আগের ইউএসবি যন্ত্রটি যদি কোনো কম্পিউটারেই কাজ না করে, তাহলে ধরে নিতে হবে, সেটিতে সমস্যা আছে। অন্য কম্পিউটারে যন্ত্রটি ঠিকভাবে চললে যন্ত্রটির চালক সফটওয়্যার (ড্রাইভার) নিজের কম্পিউটারে হালনাগাদ করে নিতে পারেন। যন্ত্রটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ড্রাইভারের সর্বশেষ হালনাগাদ পাবেন। সেটি নামিয়ে ইনস্টল করে দেখতে পারেন।
এর পরও যদি ইউএসবি যন্ত্রটির যদি কোনো গতি না হয়, তাহলে এর ওয়ারেন্টি থাকলে বিক্রেতার কাছ থেকে বদলে নিয়ে আসুন। তার আগে সর্বশেষ আরেকটি ধাপ পরীক্ষা করে দেখতে পারেন। স্টার্ট বোতামে ক্লিক করে সেখানে restore point লিখে ক্রিয়েট আ রিস্টোর পয়েন্ট অপশনে ক্লিক করে একটি রিস্টোর পয়েন্ট বানিয়ে নিন। তারপর আবার স্টার্ট বোতামে ক্লিক করে লিখুন device manager এবং এন্টার করুন। আবার কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস ম্যানেজার চালু করে নিচে থাকা ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলারস অপশনটি বিস্তৃত করে প্রতিটিতে ডান ক্লিক করে আনইনস্টল করতে পারেন। কাজ শেষে কম্পিউটার রিস্টার্ট করুন। কম্পিউটার চালু হলে নিজে থেকেই আবার সব কটি ইউএসবি ড্রাইভার ইনস্টল করে নেবে। কম্পিউটার হঠাৎ জমে গেলে বা সমস্যা হলে পাওয়ার বোতাম চেপে বন্ধ করে আবার চালু করুন। তারপর আগের তৈরি করা রিস্টোর পয়েন্টে কম্পিউটারটিকে ফিরিয়ে নিয়ে যান।