ইলেকট্রনিকস যন্ত্রপাতিতে তথ্য স্থানান্তরে নতুন ধরনের ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি ৩.১ প্রযুক্তির তারের ছবি প্রথমবারের মতো দেখানো হয়েছে। নতুন এই সংযোগ-তারটি হবে উভয় দিকে বিপরীতমুখী। এর ফলে ভুলভাবে ইউএসবি যন্ত্র বা তার সংযোগে বিরক্তিকর চেষ্টার সমাপ্তি ঘটতে যাচ্ছে। ছোট আকারের টাইপ-সি পোর্টের প্রযুক্তি ইউএসবি বাস্তবায়িত হলে সঠিকভাবে ইউএসবি সংযোগ দিতে সেটি আর ওপর-নিচ হাতড়াতে হবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এই তারের একটি ছবি প্রকাশ করেছে। ইউএসবি পোর্টের নতুন নকশাটি আগামী জুলাইয়ে চূড়ান্ত করা হবে। অবশ্য প্রযুক্তিটি বাস্তবায়িত হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্যে নতুন প্রযুক্তির পোর্ট প্রতিস্থাপন শুরু করলে ধীরে ধীরে এর সুফল পেতে শুরু করবে ব্যবহারকারীরা।
টাইপ-সি মানের নতুন এই পোর্টের আকার হবে বর্তমানে মোবাইল ফোন ও ক্যামেরায় ব্যবহূত মাইক্রো ইউএসবি সংযোজকের মতোই। এর সাহায্যে যন্ত্রপাতিতে বৈদ্যুতিক চার্জ দেওয়া যাবে ১০০ ওয়াট পর্যন্ত। আর তথ্য স্থানান্তরে গতি থাকবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট, যা বর্তমানে ব্যবহূত ইউএসবি মান থেকে দ্বিগুণ। ইউএসবি তারের প্রচলন প্রথম শুরু হয়েছিল ১৯৯০ সালে। কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ডেটা সংযোগে আজ অবধি এটি চালু রয়েছে।
— বিবিসি অবলম্বনে মঈন চৌধুরী