ইউকে এডুকেশন ওপেন ডে
দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউকে এডুকেশন ওপেন ডে’। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এই পরামর্শ সহায়তা অনুষ্ঠানটি মূলত যুক্তরাজ্যে পড়তে আগ্রহীদের জন্য। ওপেন ডে’তে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়ার জন্য খুঁটিনাটি জানাতে অংশ নেবে ঢাকায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাতটি এডুকেশনাল কনসালট্যান্সি প্রতিষ্ঠান। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল আয়োজনে থাকবে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা-সংক্রান্ত একটি সেমিনার।
এই ওপেন ডে’র মূল লক্ষ্য যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়া। এর ফলে যুক্তরাজ্যে পড়তে আগ্রহী শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পরিচালকদের জন্যও নানা তথ্য জানার সুযোগ হবে। এ ছাড়া যুক্তরাজ্যে বসবাস করতে নানা রকম তথ্য নিতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত থেকে। এ ছাড়া শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভিসা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ইংরেজি শেখা বা আইইএলটিএসসহ ব্রিটিশ কাউন্সিল প্রদত্ত বিভিন্ন সেবা সুযোগ সম্পর্কে তথ্য জানা যাবে।
‘ইউকে এডুকেশন ওপেন ডে’ আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অনুষ্ঠানে যোগ দিতে আসতে হবে হোটেল প্লাটিনাম সুইটস, বাড়ি: ৫৮, সড়ক: ১১, ব্লক-এফ, বনানী এই ঠিকানায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী শিক্ষার্থীদের সব অ্যাকাডেমিক সনদের এক সেট ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।— সেগুফতা আহমেদ