ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা সেপ্টেম্বরে

লন্ডনে দ্বিতীয়বারের মতো ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার আয়োজনে আইসিটি বিভাগের সঙ্গে কমপিউটার জগৎ একটি চুক্তি সই করেছে। ১১ থেকে ১২ সেপ্টেম্বর লন্ডনের দ্য অট্রিয়ামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই মেলা।
আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি ও কমপিউটার জগৎ এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলা আয়োজনে সম্প্রতি আইসিটি ডিভিশনের সঙ্গে কমপিউটার জগৎ এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং কমপিউটার জগৎ এর প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
মেলার আয়োজকেরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মেলায় বাংলাদেশ ও ইউরোপের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় অংশ নিতে বর্তমানে স্টল বুকিং চলছে।
মেলায় অংশ নেবে ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইনস, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান।
ই-কমার্স বিষয়ক সেমিনারের পাশাপাশি মেলায় আরও থাকবে বিটুবি, বিটুসি, জিটুবি বিষয়ক আলাদা সেশন। আয়োজকেদের ধারণা সরকারি-বেসরকারি পর্যায়ে ই-কমার্স বিশেষজ্ঞ, তথ্য-প্রযুক্তিবিদসহ প্রায় ৫০ হাজার দর্শনার্থী মেলায় আসতে পারে। আর মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।