ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলায় সহযোগী বাংলাদেশ ব্যাংক

আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিতব্য ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলায় সহযোগী হয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও কমপিউটার জগৎয়ের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।
মেলার আয়োজকেরা এক বিজ্ঞপ্তিতে জানান, মেলায় বাংলাদেশ ব্যাংকের নের্তৃত্বে একটি ই-ব্যাংকিং এলাকা থাকবে। এই এলাকায় দেশি-বিদেশি ব্যাংক, পেমেন্ট গেটওয়েগুলো তাদের বিভিন্ন সেবা প্রদর্শন করবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সেমিনারের আয়োজন করবে। সেমিনারে বাংলাদেশ ব্যাংক দেশের অনলাইন ব্যাংকিং সেবা, পেমেন্ট গেটওয়েসহ ই-কমার্স সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরা হবে।
বাংলাদেশ ব্যাংক ও মেলা আয়োজকেদের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ, উপ মহা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসাইন খান, কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
মেলায় ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইন্স, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে। (বিজ্ঞপ্তি)