ইউক্রেন যুদ্ধের কারণে চিপ তৈরির কাঁচামালে ঘাটতি

চিপছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে রাশিয়ার হামলার পর চিপের কাঁচামালের সরবরাহ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিপ নির্মাতাদের। কারণ, চিপ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নিয়ন গ্যাসের অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া ও ইউক্রেন। লেজারের মাধ্যমে চিপের সেমিকন্ডাক্টরে সিলিকনের ক্ষুদ্র অংশগুলোকে জোড়া দেওয়া হয়। আর এই লেজার তৈরিতে ব্যবহার করা হয় নিয়ন গ্যাস। রপ্তানিকারক দুটি দেশই যুদ্ধে জড়িয়ে পড়ায় এরই মধ্যে নিয়ন গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।

শুধু নিয়ন গ্যাসই নয়, প্যালাডিয়ামের সংকটও হতে পারে। প্রায় সব ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত রাসায়নিক যৌগ রাশিয়া থেকে সংগ্রহ করা হয়। কিন্তু যুদ্ধের কারণে নানা বিধিনিষেধের বেড়াজালে পণ্যটির সরবরাহ নিয়েও শঙ্কায় রয়েছেন চিপ নির্মাতারা।
করোনাকালে ঘরে বসে কাজের প্রয়োজন মেটাতে প্রযুক্তিপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলছে চিপ-সংকট। তবে ইউক্রেন যুদ্ধের কারণে চিপ তৈরির কাঁচামালের সংকট হবে, তা আগে থেকে অনুমান করতে পারেনি ইন্টেল। এক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, সেমিকন্ডাক্টর তৈরিতে নিয়ন গ্যাসের ব্যবহার খুব কম হলেও এটি খুবই প্রয়োজনীয় কাঁচামাল। সরবরাহ বাধাগ্রস্ত হলে পুরো শিল্পেই প্রভাব পড়বে।
পরিস্থিতি খুব জটিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলোটির সেমিকন্ডাক্টর বাজার বিশেষজ্ঞ এরিয়েন বুকেলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার, গেমিং কনসোল, টেলিভিশন, গ্রাফিকস কার্ড, স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, কাপড় ধোয়ার যন্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে চিপ ব্যবহৃত হয়। ফলে বিশ্বজুড়ে চলা চিপ-সংকটে এসব পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: এএফপি