ইউক্রেনে স্টিভ জবসের ভাস্কর্য
প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা প্রয়াত স্টিভ জবসের মূর্তি বসছে ইউক্রেনের ওডেশা শহরের ব্ল্যাক সি বন্দরে। দুই মিটার উচ্চতার ‘হাত’সদৃশ স্টিভ জবসের ইস্পাতের মূর্তিটির মাঝামাঝি স্থানে একটি ফাঁকা স্থানে অ্যাপলের ট্রেডমার্ক লোগোটি ফুটিয়ে তোলা হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।ওডিশার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্টিভ জবসের মূর্তিটির ওজন হবে ২০০ কেজি। এ মূর্তিতে প্রতি সন্ধ্যায় আলো জ্বালানো হবে। মূর্তিটি নির্মাণ করছেন ইউক্রেনের ভাস্কর কিরিল মাকসিমেঙ্কো।মূর্তি নির্মাণ প্রসঙ্গে মাকসিমেঙ্কো বলেন, ‘স্টিভ জবসের প্রায় সব ভিডিও দেখেছি। তিনি মানুষের সঙ্গে কথা বলতে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। তাঁর হাতের তালুর একটি অঙ্গভঙ্গি ফুটিয়ে তুলতে গাড়ির বাতিল যন্ত্রাংশ ও ধাতু ব্যবহার করে তৈরি করছি।’এদিকে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গেও স্টিভ জবসের মূর্তি নির্মাণের জন্য কাজ করছে আইটি প্রগ্রেস ফান্ড নামের একটি উদ্যোক্তা সংস্থা। ৬ আগস্টের মধ্যে ভাস্করদের কাছ থেকে মূর্তি নির্মাণের জন্য আবেদনপত্র জমা নিচ্ছে সংস্থাটি।অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ অক্টোবর স্টিভ জবস মারা যাওয়ার পর হাঙ্গেরির বুদাপেস্টে স্টিভ জবসের একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্রাজিলের জুন্দাই শহরে একটি রাস্তার নামকরণও করা হয়েছে প্রয়াত স্টিভ জবসের নামানুসারে।