ইউটিউব কি শুধু বিনোদনের!
ইউটিউবে কাজ বলতে কি শুধু ভিডিও দেখা বোঝায়? নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, ইউটিউব শুধু বিনোদনেরই নয় এটি গবেষণার কার্যকর একটি উপকরণ।গবেষকেরা ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন, গুগলের এ ভিডিও ওয়েবসাইটটি নানা ক্ষেত্রেই গবেষণার জন্য কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। আমস্টারডামের ভিইউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ইউটিউব অ্যাজ রিসার্চ টুল-- থ্রি অ্যাপ্রোচেস’ নামের একটি গবেষণা করেছেন। তাঁরা ইউটিউবে থাকা মিডিয়া কনটেন্টের প্রভাব বিশ্লেষণ এবং কিশোরদের ওপর এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইউটিউবের ভিডিওতে করা মন্তব্য, বিভিন্ন মিডিয়া কনটেন্টের প্রভাবসহ নানা বিষয়ে ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, ইউটিউবকে শক্তিশালী ও কার্যকর গবেষণা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীর সম্পাদক ব্রেন্ডা কে উইদারহোল্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, গবেষকেরা ইউটিউবের কার্যকর ব্যবহার নিয়ে দারুণ একটি গবেষণা করেছেন। সিস্টেমিক রিসার্চের ক্ষেত্রে ইউটিউব কার্যকর ভূমিকা রাখতে পারে গবেষণায় তাঁরা সে বিষয়টি প্রমাণ করেছেন।