ইউটিউব টিভির চেয়েও জনপ্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেলিভিশনের চেয়ে বেশি জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। গুগলের মালিকানাধীন জনপ্রিয় এ ভিডিও দেখার সাইটটি বর্তমানে সারা বিশ্বেই জনপ্রিয়। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ব্যবহারকারীরা টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ইউটিউব দেখতে বেশি পছন্দ করেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, সরাসরি টিভিতে নিজের পছন্দসই অনুষ্ঠান দেখার সুযোগ কম। তার চেয়ে ইউটিউবে রয়েছে অনেক বেশি ভিডিও এবং গ্রাহকেরাও খুব সহজেই প্রয়োজনীয় সেগুলো দেখতে পারেন। এ ছাড়া ইউটিউবে কাঙ্ক্ষিত ভিডিও পেতে ব্যবহারকারীদের বেশি বেগ পেতেও হয় না।
নিউইয়র্কের বিজ্ঞাপনী সংস্থা অ্যাড্রয়েট ডিজিটাল সম্প্রতি প্রায় দুই হাজার মানুষের ওপর এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করে। এই ব্যবহারকারীদের প্রত্যেকেরই টেলিভিশন ও একটি স্মার্টফোন বা নিজের কম্পিউটার আছে। জরিপের ফলাফল অনুযায়ী দুই হাজার ব্যবহারকারীর মধ্যে ৬৮ শতাংশ ইউটিউব থেকে তাঁদের প্রয়োজনীয় ভিডিও দেখেন। আর মাত্র ১৬ দশমিক ৩২ শতাংশ সরাসরি টিভি থেকে ও ১৫ দশমিক ৬৮ শতাংশ নেটফিক্স থেকে ভিডিও দেখেন।
২০০৫ সালে যাত্রা শুরু হওয়া ইউটিউবকে পরের বছর কিনে নেয় গুগল। প্রতিমাসে ইউটিউবের ব্যবহারকারী ৮০ কোটি। এ ছাড়া সাইটটিতে প্রতি মিনিটে ১০০ ঘণ্টা ভিডিও আপলোড হয়।
গুগল এবং ফেসবুকের পর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের তালিকায় রয়েছে ইউটিউবের নাম। আর এসব সাফল্যই সরাসরি দেখা টিভির চেয়ে এগিয়ে রেখেছে ইউটিউবকে।
—ম্যাশেবল অবলম্বনে কাজী আলম