ইউটিউব থেকে দৈনিক ২০০ কোটি ভিডিও নামানো হয়
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব থেকে দৈনিক ভিডিও নামানোর (ডাউনলোড) সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি ইউটিউবের মালিক গুগল এ তথ্য জানিয়েছে। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা চ্যাড হারলি জানান, ‘অনলাইন ভিডিও বাজারে বর্তমানে আমরা বিশেষ জায়গায় এসেছি। আমরা চাই বিশ্বের সব ব্যবহারকারী যাতে ভিডিও দেখা ও প্রকামেল সুবিধা পায়।’ ইউটিউব চালু হওয়ার পাঁচ বছরের মধ্যে এমন মাইলফলক স্থাপন করছে, যা সত্যিই উৎসাহজনক বলেও মন্তব্য করেন তিনি।প্রতিদিন একজন ব্যবহারকারী গড়ে প্রায় ১৫ মিনিট সময় ইউটিউবে কাটায় বলেও জানানো হয়। ২০০৬ সালের শেষের দিকে ইউটিউব কিনে নেয় ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সাত মাস আগে ওয়েবসাইটটি দৈনিক একশ কোটি ডাউনলোডের মাইলফলক পার করে।‘ব্রডকাস্ট ইউরসেলফ’ স্লোগানে চালু হওয়া ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করেন সাইটটির সহপ্রতিষ্ঠাতা জাবেদ করিম। ‘চিড়িয়াখানায় আমি’ শিরোনামের ১৯ মিনিটের এ ভিডিওচিত্র ২০০৫ সালের ২৩ এপ্রিল ইউটিউবে রাখা হয়। যা এখনো এ সাইটে পাওয়া যাবে। রাজনীতি, বিনোদন থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে এ সাইটে। এক জরিপে দেখা গেছে, ইউটিউবে ২০০৫ সালের ডিসেম্বর মাসে দৈনিক ৮০ লাখ ভিডিও দেখা হতো। ২০০৮ সালের জানুয়ারিতে প্রতি মিনিটে ১০ ঘণ্টা সময়ের ভিডিও প্রকাশ করা হতো, ২০০৯ সালের অক্টোবর মাসে প্রতিদিন ভিডিও দেখা হতো প্রায় ১০০ কোটি বার এবং চলতি বছরের মার্চ থেকে প্রতি মিনিটে ২৪ ঘণ্টা ভিডিও প্রকাশ করা হচ্ছে।বর্তমানে সাইটটিতে ব্রিটেনের রানি এলিজাবেথ, পোপ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরাক-সম্পর্কিত বিভিন্ন ভিডিওর পাশাপাশি নানা ধরনের ভিডিও দেখা যায়। সংবাদভিত্তিক ওয়েবসাইট বিনেট ডট কমের মিডিয়া ব্লগার ক্যাথেরিন পি টেইলর বলেন, ইউটিউব বিষয়টাই একটা উন্মাদনা, যা বর্তমানে সাধারণ মানুষদের সংস্কৃতির একটি অংশ। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী