ইউটিউবে খুদে ভিডিওর জন্য মাসে ১০ হাজার ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকটকের অনুকরণে খুদে ভিডিও তৈরির সুবিধা আছে ইউটিউবে। সেটির নাম ইউটিউব শর্টস। আগামী এক বছরজুড়ে শর্টসে ভিডিও তৈরির জন্য নির্মাতাদের সব মিলিয়ে ১০ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা ইউটিউবের। এর আওতায় ভিডিও নির্মাতারা মাসে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পেতে পারেন।

বিজ্ঞাপনে ছোট হরফে শর্ত প্রযোজ্য লেখার মতো এখানেও শর্ত আছে। প্রথমত, ভিডিওগুলোকে জনপ্রিয় হতে হবে। সেই জনপ্রিয়তার মাপকাঠি ঠিক হবে কত মানুষ ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করছে এবং সেগুলো দেখছে, তার ওপর। আবার বিশ্বের কোন অঞ্চল থেকে দর্শকেরা ভিডিওগুলো দেখছেন, সেই বিষয়ের ওপরও অর্থপ্রাপ্তির ব্যাপারটি নির্ভর করছে বলে জানানো হয়েছে দ্য ভার্জের প্রতিবেদনে।

আরেকটি ব্যাপার হলো ভিডিওগুলো ‘অরিজিনাল’ হতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নামিয়ে পুনরায় আপলোড করলে চলবে না। সেগুলোতে টিকটক, স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রাম রিলের মতো প্ল্যাটফর্মগুলোর লোগো বা নাম থাকলে সেই চ্যানেল অর্থ পাওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবে।

শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিলসহ ১০টি দেশের নির্মাতারা ইউটিউব শর্টসে ভিডিও তৈরির জন্য এই তহবিল থেকে অর্থ পাবেন। সেখানে আপাতত বাংলাদেশের নাম নেই, তবে পর্যায়ক্রমে দেশের তালিকা বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে ইউটিউব।

ইউটিউবে নির্মাতারা সচরাচর তাঁদের ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর জন্য অর্থ পেয়ে থাকেন। সেখানে বিজ্ঞাপন যতবার দেখা হলো, তাঁর সঙ্গে প্রাপ্ত অর্থের একটা সম্পর্ক থাকে। তবে শর্টসে প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে চায় না ইউটিউব। সে কারণেই নির্মাতাদের অর্থ পরিশোধের বিকল্প উপায় খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে।

তবে পরবর্তীকালে অন্য কোনো কর্মসূচির মাধ্যমে মনিটাইজেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহন।

আরও পড়ুন

এমন তহবিল গঠন করে নির্মাতাদের অর্থ পরিশোধ এখন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানেই চালু আছে। টিকটক ও স্ন্যাপচ্যাটে ভিডিওর জনপ্রিয়তার ওপর নির্ভর করে নির্মাতাদের অর্থ দেওয়া হয়। সেটা একদিক থেকে ভালোই, তবে কোন মাসে কে কত অর্থ পাবেন, তা নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ আছে।

খুদে ভিডিওর বেলায় ইউটিউবের চেয়ে অনেক এগিয়ে টিকটক। তবে ইউটিউব এমনিতেই ভিডিও শেয়ার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম। সেই জনপ্রিয়তায় ভর করে এগিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে নিল মোহন একটা বিষয় নিশ্চিত করেছেন। ইউটিউবে সার্বিকভাবে এনগেজমেন্ট বাড়ানোর জন্য শর্টস ভিডিও বানানো জরুরি নয়। সব ধরনের নির্মাতাদের সুযোগ করে দিতেই শর্টস চালু করা হয়েছে। দুই ঘণ্টার তথ্যচিত্র জায়গা যেমন ইউটিউবে আছে, তেমনই ১৫ সেকেন্ডের ভিডিওর জায়গাও আছে বলে জানিয়েছেন নিল মোহন।