ইউটিউবে প্রতিদিন দেখা হয় ৪০০ কোটি বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সার্চ ইঞ্জিন গুগলের ভিডিও আদান-প্রদান করার এই ওয়েবসাইট প্রতিদিন ৪০০ কোটি বার দেখা হয়। গত আট মাসে ইউটিউবে ভিডিও দেখার সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সংখ্যাটি ৪০০ কোটিতে দাঁড়িয়েছে বলে গুগল জানায়। ইউটিউবকে ডেস্কটপ কম্পিউটার ছাড়াও স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে দেখার উপযোগী করে তোলার পর থেকেই এ সাইটটি দেখার হার বাড়তে থাকে। পাশাপাশি ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ রেখে উন্নত মানের ভিডিও যুক্ত করার কারণে দর্শকসংখ্যা বেড়েছে বলে গুগল মনে করে। গুগল ২০০৬ সালে ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ইউটিউবের মালিকানা কিনে নেয়। এটি এখন গুগলের আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। গত সপ্তাহে গুগল জানায়, ইউটিউব থেকে বিজ্ঞাপন বাবদ তাদের বার্ষিক আয় ৫০০ কোটি ডলার। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান