ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। গুগলের এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা বিনা মূল্যে কমেডি, শিক্ষা, সংবাদ, গেমের মতো বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করে থাকেন। আগে থেকে ধারণ করা ভিডিও আপলোডের পাশাপাশি বেশ কিছুদিন ধরেই গুগল সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিমিং) ওপর পরীক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, ইউটুর কনসার্টের মতো বেশ কিছু অনুষ্ঠান বিভিন্ন সময় ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। দীর্ঘদিন গবেষণার পর সরাসরি সম্প্রচারের জন্য একটি প্লাটফর্ম তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ইউটিউব ডেভেলপাররা। গুগলের এই কন্টেন্ট পার্টনারের মধ্যে রয়েছে হাউকাস্ট, নেক্সট নিউ নেটওয়ার্কস, রকেটবোম, ইয়ং হলিউডের মতো কিছু প্র্রতিষ্ঠান। এসব পরীক্ষামূলক সম্প্রচারের ফলাফলের ওপর ভিত্তি করে গুগল তাদের এই সরাসরি দেখার সুবিধাটি পার্টনার ছাড়াও অন্য সবার জন্য উন্মুক্ত করবে। নতুন এই প্লাটফর্মটি যুক্ত করা হলে সরাসরি ভিডিওগুলো ইউটিউবে ব্যবহারকারীর নিজস্ব চ্যানেলে যুক্ত করা হবে। প্লাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু একটি সাধারণ ওয়েবক্যাম অথবা অন্যান্য ভিডিও ক্যামেরার মাধ্যমে স্ট্রিমিংয়ের কাজটি করা যাবে। একই সঙ্গে লাইভ কমেন্ট নামে একটি নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে স্ট্রিমিংয়ের সময় যিনি ব্রডকাস্ট করছেন, তাঁর সঙ্গে ইউটিউব কমিউনিটির অন্য সদস্যরা সরাসরি যোগাযোগ করতে পারবেন। —ইউটিউব ব্লগ অবলম্বনে নাসির খান