ইউটিউবের নতুন প্রধান নির্বাহী সুসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসান ওজস্কি
সুসান ওজস্কি

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন সুসান ওজস্কি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইউটিউবের মালিক সার্চ ইঞ্জিন গুগল। আর বিষয়টি টুইটারে নিজের প্রোফাইলেও নিশ্চিত করেছেন নতুন সিইও। এ পদে যোগ দেওয়ার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগের সিইও স্যালার কামাঙ্গারের স্থলাভিষিক্ত হলেন।
গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ এক বার্তায় জানিয়েছেন, বর্তমানে সারা বিশ্বের কয়েক বিলিয়ন ব্যবহারকারী ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন। প্রতিদিন অসংখ্য ব্যবহারকারী যেমন ভিডিও রাখছেন, তেমনি আবার অনেকেই ভিডিও সেবা নিচ্ছেন। এ কাজকে আরও সহজ এবং ব্যবহার উপযোগী করতেই সুসান ওজস্কিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইউটিউব বর্তমানে বিজ্ঞাপন ও ই-কমার্স বিষয়ে বেশি নজর দিচ্ছে। আর এ দুটি বিভাগের সঙ্গে গুগলের হয়ে অনেক দিন ধরে কাজ করছেন সুসান। সুসানকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এ বিষয়টিও নজরে রাখা হয়েছে বলে গুগলের এক বার্তায় উল্লেখ করা হয়।
বর্তমানে প্রতিমাসে ১০০ কোটি একক ব্যবহারকারী ইউটিউব ব্যবহার এবং ৬০০ কোটি ঘণ্টা ভিডিও দেখেন। প্রতি মিনিটে ভিডিও আপলোড হয় ১০০ ঘণ্টা। ৬১টি ভাষায় ইউটিউবের নানা সুবিধা পাওয়া যায় এবং প্রতিদিনে লক্ষাধিক ব্যবহারকারী সাবস্ক্রিপশন করেন। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অতি সম্প্রতি ভিডিও দেখার সঠিক সংখ্যা বের করতে ‘স্প্যাম ভিউ স্ক্যানিং’ নামের বিশেষ প্রযুক্তি চালু করেছে। অনেকেই নিজেদের ভিডিও ভিউয়ার বাড়ানোর জন্য বিশেষ প্রোগ্রাম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে দর্শক সংখ্যা যোগ করছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
—টেকক্রাঞ্চ ও ইউটিউব ব্লগ অবলম্বনে কাজী আলম