ইউনিকোড কনসোর্টিয়ামের পূর্ণাঙ্গ সদস্য হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিকোড কনসোর্টিয়ামের পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক সদস্যপদ লাভ করেছে। ইউনিকোড-বিষয়ক নানা ধরনের কার্যক্রমের উন্নতি করা, সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনাকারী সংগঠন ইউনিকোড কনসোর্টিয়ামে এর আগে বাংলাদেশ সহকারী সদস্য হিসেবে ছিল। ৩০ জুন বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এতে বাংলাদেশ এখন বাংলা ভাষায় কম্পিউটারের ইউনিকোড প্রমিতকরণে এবং কম্পিউটার লিপিতে প্রয়োজনীয় পরিবর্তন, সংযোজন করার ক্ষেত্রে ভোটাধিকার লাভ করল। এর আগে বাংলা ভাষার জন্য ইউনিকোডের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধু ভোট দিতে পারত। এবার এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। এ কাজে ভোট দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কারিগরি কমিটির সদস্য সম্মেলনেও অংশ নিতে পারবে। গত বছরের ১৮ মার্চ বাংলাদেশে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্যপদ লাভের জন্য আবেদন করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশকে এ সদস্যপদ দেওয়া হয়। উন্নত পদ্ধতি ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গায় যেকোনো কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে শনাক্ত করা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে সরকারি অফিসগুলোতে ইতিমধ্যে ইউনিকোডে বাংলা লিখন চালু হয়েছে। তা ছাড়া বিভিন্ন অফিসেও প্রশিক্ষণ চলছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুত করা নিকস লিপি এখন বিভিন্ন দপ্তরে ব্যবহার করা হচ্ছে বলে এটুআইয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউনিকোড কনসোর্টিয়াম বিষয়ে বিস্তারিত জানা যাবে www.unicode.org ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী