ইউনিকোডে মুক্তিযুদ্ধের দলিল

না, যুদ্ধ শেষ হয়নি এখনো। মহান মুক্তিযুদ্ধের চার দশক পেরিয়ে গেছে। কিন্তু এ নিয়ে এখনো অনেক ভুল আর মিথ্যা ইতিহাসের ছড়াছড়ি। ভারচুয়াল তথ্যসমুদ্রে পরস্পরবিরোধী অনেক তথ্যে নতুন প্রজন্মের যে কারও হাবুডুবু খাওয়ারই কথা। ভুলের এই জঞ্জাল সরানোও নতুন আরেক যুদ্ধ!
মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরার এই যুদ্ধে শামিল হয়েছেন তরুণ কয়েকজন অনলাইন যোদ্ধা। এখন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে সঠিক ও বিভ্রান্তির ঊর্ধ্বে থাকা ইতিহাস হিসেবে সবার কাছে গণ্য হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এবং হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খণ্ডের এই বিশাল বইটি ইউনিকোড ফন্টে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বেশ কিছু তরুণ। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। যুক্ত হচ্ছেন আরও অনেকেই। ইউনিকোডে রূপান্তরিত হলে সহজে যেকোনো মানের ইন্টারনেট সংযোগ থেকে, যেকোনো ডিজিটাল যন্ত্রে পাঠযোগ্য হবে এই দলিলপত্র।
উদ্যোক্তারা বলেছেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায়। কিন্তু বেশির ভাগ সময়েই তারা বুঝে উঠতে পারে না কোথা থেকে জানবে এই ইতিহাস। অনেক সময় বিভ্রান্ত হতে হয় গুগলে পাওয়া বিভিন্ন তথ্যের কারণে।
এই বাস্তবতায় ফেসবুকের মাধ্যমে সংগঠিত হয়েছেন প্রায় ১০০ তরুণ। যাঁদের মধ্যে প্রবাসী তরুণও আছেন বেশ কয়েকজন। একটি প্রকল্প ঠিক করা হয়, যে প্রকল্পে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র বাংলা ইউনিকোড ফন্টে রূপান্তর শুরু হয়। এমনিতে এই ইন্টারনেটে এর পিডিএফ সংস্করণ আছে, কিন্তু ইউনিকোড সংস্করণ নেই।
প্রকল্প ব্যবস্থাপক তানিয়া ইমতিয়াজ ব্যাখ্যা করলেন, ‘পিডিএফ সংস্করণ থেকে কোনো মুক্তিযুদ্ধের কোনো প্রেক্ষাপট, ঘটনা কিংবা ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। কারণ এই ১৫ খণ্ডের দলিলপত্রের পৃষ্ঠাসংখ্যা ১৫ হাজারেরও বেশি। বাংলা ইউনিকোড ফন্ট না হলে সার্চ ইঞ্জিনেও খুঁজে পাওয়া যাবে না কোনো তথ্য। তাই খুব সহজেই যেন যে কেউ প্রয়োজনীয় দলিলপত্রের যেকোনো অংশ খুঁজে পেতে পারে, এ কারণে দুই বছর মেয়াদি এই প্রকল্প নেওয়া হয়েছে।’

কাজের অগ্রগতি সম্পর্কে আরেক প্রকল্প ব্যবস্থাপক নাজিয়া খান বললেন, ‘ইতিমধ্যে ১৫ নম্বর খণ্ডটির কাজ শেষ হয়েছে। ফেসবুকের একটি ফ্যানপেজের মাধ্যমে সেটিকে মুক্ত করে দেওয়া হয়েছে। পেজটির নাম ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র থেকে বলছি’, যা তৈরি করার ১০ দিনের মধ্যে এক লাখেরও বেশি লাইক পেয়েছে। সেখান থেকে এটি স্পষ্ট, এ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে কতটা ব্যাকুল। এই অভাবিত সাড়া পেয়ে আমরা উজ্জীবিত। আরেকটি খণ্ডের কাজও এগিয়ে চলেছে।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপপ্রকল্প ব্যবস্থাপক জেসিকা গুলশান বললেন, ‘শিগগিরই আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট নির্মাণ করব, যা বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্য হবে দলিলপত্রভিত্তিক একটি স্থায়ী আর্কাইভ। পাশাপাশি একটি অ্যাপ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি হবে মূলত একটি অনলাইনে তথ্য খোঁজার অ্যাপ্লিকেশন। সেখানে খুঁজলে ওয়েবসাইটের সংশ্লিষ্ট সব দলিল সমন্বিতভাবে রি-ডাইরেক্টেড হবে।’
অর্থাৎ, কেউ যদি ‘সপ্তম নৌবহর’ সম্পর্কে দলিলপত্রভিত্তিক সবকিছু একবারে জানতে চান, তবে সেই অ্যাপলিকেশনে ‘সপ্তম নৌবহর’ লিখে সার্চ করলেই এ-সংক্রান্ত সব দলিল একবারে চলে আসবে। সঙ্গে থাকবে আরও কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অন্যান্য উপাত্ত।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র বেছে নেওয়ার কারণ হিসেবে উদ্যোক্তারা বলেছেন, এই সংকলনটি বাংলাদেশের সব সরকারের সময়ই পুনর্মুদ্রণ হয়েছে প্রায় কোনো সংযোজন-বিয়োজন ছাড়াই। এটিই এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভুল ও বিতর্কের ঊর্ধ্বে থাকা ইতিহাস বলে সবাই মেনে নেন।
যে কেউ চাইলে সেই ফেসবুক পেজটির (facebook.com/muktizuddho1971) মাধ্যমে এই উদ্যোগে যুক্ত হতে পারেন। আরও ১০০ জনকে নেওয়া হবে বাংলা ইউনিকোডে রূপান্তরের এই কাজে। কেউ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে শামিল হতে চাইলে আগ্রহের কথা জানাতেও পারেন।