ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাদের জন্য নাগরিক সাংবাদিকতার প্রশিক্ষণ
স্থানীয় সংবাদ ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশের জন্য সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ হাজার উদ্যোক্তাকে নাগরিক সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ‘তৃণমূলের জন্য তথ্য জানালা’ শীর্ষক কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী তিন বছরে ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
গত মঙ্গলবার আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আইসিটি বিভাগ ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) মধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে। তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি পরিচালক সৈয়দ মুজিবুল হক ও তথ্যসেবা বার্তা সংস্থার সহকারী সম্পাদক মো. নুরুল ইসলাম চুক্তিপত্রে সই করেন।
চুক্তি সই করার অনুষ্ঠানে সময়ে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের যোগাযোগ বিশেষজ্ঞ অজিত কুমার সরকার, ইউএনবির প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান, তথ্য অধিকার ও নাগরিক সাংবাদিকতা বিশেষজ্ঞ অলিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি