ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে কর্মরত স্থানীয় সরকারের উপপরিচালকদের (ডিডিএলজি) জন্য আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাকায় গতকাল বুধবার থেকে শুরু হয়েছে । জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ কর্মশালায় স্থানীয় সরকারের ৬৪ জন উপপরিচালক অংশ নিচ্ছেন। এর আগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের একই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তির।কর্মশালায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র সম্পর্কে ধারণা প্রদান, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, জেলা তথ্য বাতায়ন হালনাগাদ করা এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের পূর্ণ মালিকানা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। কর্মশালার প্রথম দিনে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্থানীয় সরকারের উপপরিচালকেরা কী কী ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ জনগণকে যেসব ই-সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সে বিষয়গুলো, টেকসই ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠায় স্থানীয় জনগণ ও সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এসব তথ্য ও সেবাকেন্দ্রের জন্য প্রায় এক হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বছরের মধ্যেই অবশিষ্ট তিন হাজার ৫০০ ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র পরিচালনার জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।