ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে মোবাইল ব্যাংকিং চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে মোবাইল ব্যাংকিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ব্র্যাকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মধ্যে গত সপ্তাহে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ইউআইএসসির মাধ্যমে মোবাইল ব্যাংকিং চালু করেতে ইতিমধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে একই ধরনের সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হোসেন এবং বিকাশের ব্যবস্থাপনা পরিচালক কামাল কাদির। খবর বিজ্ঞপ্তির।সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রথম ছয় মাসের মধ্যে বিকাশ লিমিটেড পরীক্ষামূলকভাবে দেশের যশোর জেলার ২০টি ইউআইএসসি থেকে মোবাইল ব্যাংকিং চালু করবে। ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত গ্রামীণ জনগণ এসব ইউআইএসসিতে হিসাব খোলা, নাগরিক পরিসেবার বিল প্রদান, রেমিটেন্স গ্রহণ, টাকা জমা দেওয়া এবং মোবাইল ফোনের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। সমঝোতা স্মারক অনুযায়ী, মোবাইল ব্যাংকিং বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে এবং ইউআইএসসি ও এর উদ্যোক্তা নির্বাচন করবে এটুআই। এ ছাড়া উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র।