ইউনিয়ন থেকে মোবাইল ব্যাংকিং চালুর উদ্যোগ
ব্যাংকিং সুবিধার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে মোবাইল ফোনভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষকে এই সুবিধা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে গতকাল সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির। সমঝোতা স্মারক অনুযায়ী এ উদ্যোগ বাস্তবায়নের শুরু থেকে ছয় মাসের মধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড পরীক্ষামূলকভাবে ২০টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে শাখাহীন ব্যাংকিংয়ের সঙ্গে মোবাইল ব্যাংকিং চালু করবে। গ্রামের মানুষ কাছের ইউআইএসসি থেকে অ্যাকাউন্ট খোলা, নাগরিক সেবার বিল প্রদান, রেমিট্যান্স গ্রহণ, টাকা জমা দেওয়া এবং মোবাইল ফোনের মাধ্যমে টাকা তুলতে পারবে। সমঝোতা স্মারক অনুযায়ী মোবাইল ব্যাংকিং বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে এবং এটুআই ইউআইএসসি ও এর উদ্যোক্তা নির্বাচন, উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে।এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব শামীমা নার্গিস ও ট্রাস্ট ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার সমঝোতা স্মারকে সই করেন। ইতিমধ্যে দেশের ৪৫০১টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র। এসব কেন্দ্র থেকে বিভিন্ন সরকারি ফরম, সরকারি ঘোষণা, জন্ম-মৃত্যু নিবন্ধন, পাবলিক পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইনবিষয়ক তথ্য ছাড়াও ই-মেইল করা, ইন্টারনেট ব্যবহার করা, মোবাইল ফোন রিচার্জ করা, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট ইত্যাদি সেবা দেওয়া হচ্ছে।