ইউরোপ দ্বিতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ দ্বিতীয়বারের মতো একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে যাচ্ছে, যা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সরবরাহে সহায়তা করবে। আজ সোমবার কাজাখস্তানের বাইকনুর থেকে কা-স্যাট নামে এই স্যাটেলাইটটি একটি প্রোটন রকেটে করে উৎক্ষেপণ করা হবে। পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরের একটি কক্ষপথে এটি স্থাপন করা হবে। ছয় টন ওজনের এই স্যাটেলাইটটি ইউরোপের লাখ লাখ বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দিতে সহায়তা করবে। এটি ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেবে। এটির পরিচালনায় রয়েছে ইউটেস্ল্যাট নামে প্যারিসভিত্তিক একটি প্রতিষ্ঠান। ইউটেস্ল্যাট বিশ্বের তিনটি বড় ফিক্সড স্যাটেলাইট সার্ভিসেস প্রতিষ্ঠানের একটি। এর আগে গত মাসে হাইলাস-১ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট লন্ডনের অবন্তি কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। এটিও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানে সহায়তা করবে। ইউরোপের তিন কোটি বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ নেই। হাইলাস-১ কমপক্ষে তিন লাখ বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কা-স্যাট দুই কোটি বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে পারবে। কয়েক সপ্তাহ পরই স্যাটেলাইটটি তার কাজ শুরু করবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান