
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইউরোপের দেশগুলোর তথ্য সংরক্ষণ ব্যবস্থা উন্নত করার জন্য একটি ইউরোপীয় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। এই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইউরোপ থেকে ই-মেইল এবং অন্যান্য তথ্য পাচার হওয়া রোধ করবে।
গতকাল রোববার ডিজিটালমাধ্যমে দেওয়া তাঁর সাপ্তাহিক ভাষণে (পডকাস্ট) ম্যার্কেল বলেন, আগামী বুধবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (্এনএসএ) বিভিন্ন দেশের ফোনকল ও ই-মেইলের ওপর নজরদারি করছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ইউরোপে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক কর্মী ও জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন কয়েক দিন আগে এই আভাস দেন যে মার্কিন চরেরা ম্যার্কেলসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন মিত্রের মোবাইল ফোনকলের ওপর নজর রাখছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইন্টারনেট থেকে বিপুলসংখ্যক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। ম্যার্কেল তাঁর ভাষণে বলেন, ‘মোট কথা আমরা নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্য একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাচ্ছি। ইউরোপের নিরাপত্তার জন্য এটা করা খুবই দরকার। এতে কোনো সন্দেহ নেই যে তথ্য সংরক্ষণের জন্য ইউরোপকে আরও অনেক কিছু করতে হবে।’ তিনি ফেসবুক ও গুগলের সমালোচনা করে বলেন, যেসব দেশের তথ্য সংরক্ষণের খুব বেশি প্রয়োজন নেই সেসব দেশে এসব প্রোগ্রাম থাকতে পারে। একজন ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মানির এই প্রস্তাবের ব্যাপারে প্যারিস যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নিতে যাচ্ছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান