ইউরোপে ইন্টারনেট-সেবা উন্নত করতে কৃত্রিম উপগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে উচ্চগতির নিরবচ্ছিন্ন ও শক্তিশালী ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানো হয়েছে। অ্যারিয়ান-৫ রকেটে করে গত শনিবার সেটি মহাশূন্যে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইউরোপের দেশগুলোর যেসব প্রত্যন্ত গ্রামে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট নেই, এ উপগ্রহের মাধ্যমে সেসব জায়গায় উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সের কৌরৌ স্পেস পোর্ট থেকে ভোর ৩টা ৩৯ মিনিটে হিল্যাস-১ নামের ওই উপগ্রহবাহী একটি রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের মাত্র ৩৪ মিনিট পর সেটি কক্ষপথে পৌঁছে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার উঁচুতে হিল্যাস-১ স্থাপন করা হবে। ইউরোপের সর্ববৃহৎ স্পেস কোম্পানি ইয়াডস্ অ্যাসট্রিয়ামের পোর্টস মাউথের কারখানা ও ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান স্পেস এজেন্সির কারখানায় উপগ্রহটির যন্ত্রপাতি তৈরি হয়েছে। ২ দশমিক ৬ টন ওজনের ওই উপগ্রহটি আপাতত সাড়ে তিন লাখ গ্রাহককে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেবে। যুক্তরাজ্যের বিজ্ঞানমন্ত্রী ডেভিড উইলেটস্ বলেছেন, স্কটল্যান্ড ও কর্নওয়েলের প্রত্যন্ত এলাকাগুলোয় কৃষক, হোটেলকর্মী ও সাধারণ মানুষ এত দিন মানসম্মত ব্রডব্যান্ড সুবিধা পাচ্ছিলেন না। এর মাধ্যমে বিশেষত তাঁদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। —বিবিসি অবলম্বনে সারফুদ্দিন আহমেদ