ইউরোপে ডেলের ট্যাবলেট কম্পিউটার
পারসোনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল এবার তাদের ট্যাবলেট পিসি ইউরোপের বাজারে ছেড়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপের বাজারে এটি বেশ ভালো বিক্রি হচ্ছে। স্ট্রিক নামের এই ট্যাবলেট পিসিটি বাজারে প্রচলিত অন্যান্য ট্যাবলেট পিসির চেয়ে আকারে ছোট। এর মনিটর মাত্র পাঁচ ইঞ্চি। এটি গুগলের অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেমে চলে। এটি মিনি ৫ নামেও পরিচিত। বিশ্লেষকেরা বলছেন, হাতে বহনযোগ্য কম্পিউটারের বাজারে ডেলের ফিরে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর মধ্য দিয়ে ট্যাবলেট পিসির বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ডেলের একজন কর্মকর্তা টাভিস বাল্টার বিবিসিকে বলেন, এটি একটি পারিবারিক পিসি। পরিবারের সবাই এটি ব্যবহার করতে পারবে। তিনি জানান, ভবিষ্যতে ডেল ৭ ও ১০ ইঞ্চির ট্যাবেলেট পিসি তৈরির পরিকল্পনা করছে। বাল্টার আরও জানান, ‘চলতি বছরের শেষ নাগাদ আমরা ১৩০ কোটি বহনযোগ্য যন্ত্র বিক্রি করার পরিকল্পনা করেছি।’ চলতি বছরের জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিকস শোতে প্রথম স্ট্রিকের প্রদর্শন করা হয়। ডেলকে অনুসরণ করে হিউলেট প্যাকার্ড ও গুগলও ট্যাবলেট পিসি তৈরি করেছে। শিগগিরই সেগুলো বাজারে আসবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান