ইউল্যাবে চালু হলো ক্যাম্পাস রেডিও
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ক্যাম্পাস রেডিও ‘ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ’ চালু হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস-বিতে এ ক্যাম্পাস রেডিওটির উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। এ সময় তিনি বলেন, এই ক্যাম্পাস রেডিওটি চালু হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা এমন অনেক কিছুই শিখতে পারবে, যা শ্রেণীকক্ষে শেখা যায় না। এখানে বাংলা ও ইংরেজি দুই মাধ্যমে শুদ্ধভাবে কথা বলার বা শেখার ব্যবস্থা থাকবে। এ ছাড়া এই ক্যাম্পাস রেডিও শিক্ষার্থীরা উপভোগ করতে পারবে বলে তিনি মনে করেন। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এবং সাংবাদিকতা বিভাগের প্রধান জুড উইলিয়াম আর জেনিলো বলেন, বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পাস রেডিওগুলো খুবই জনপ্রিয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই ক্যাম্পাস রেডিও অনেক উপভোগ্য হবে। ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের প্রধান প্রশিক্ষক ও সমন্বয়ক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদ বলেন, ক্যাম্পাস রেডিওর মাধ্যমে শিক্ষার্থীরা যে ব্যবহারিক শিক্ষা অর্জন করবে তা তাদের জন্য অনেক সহায়ক হবে। এ ছাড়া এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন একটি ক্ষেত্র তৈরি হবে বলে তিনি জানান। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এবং সাংবাদিকতা বিভাগের প্রভাষক ইমতিয়াজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে জানান, এই ক্যাম্পাস রেডিওটি ইউল্যাবের এ ও বি দুটি ক্যাম্পাসে শোনা যাবে। এখানে দেশবিদেশের খবরাখবর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, অনুষ্ঠানের সময়সূচি সংগীত, কবিতা আবৃত্তিসহ নানা ধরনের তথ্য শোনা যাবে। তিনি আরও জানান, এই ক্যাম্পাস রেডিওটি খুব শিগগিরই অনলাইন রেডিও হিসেবেও পাওয়া যাবে। এ ছাড়া এটি পরিচালনা করবেন এখানকার শিক্ষার্থীরাই।—নিজস্ব প্রতিবেদক