ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার বুটক্যাম্প চলছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর বুটক্যাম্প। এতে সারা দেশের ১০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় তিনি প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ আজ ভিন্নমাত্রায় চলে গেছে। এটি সম্ভব করেছ তোমরাই। তোমরা যা করতে চাও, তা-ই আসল পথ।’
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের তরুণেরা সব করতে পারে। তোমাদের কাজে লাগাতে পারলেই বাংলাদেশ বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, মুঠোফোন অ্যাপ্লিকেশনের (অ্যাপ) এমন প্রতিযোগিতার আয়োজন এর আগে আর এত বড় করে হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বিশ্বব্যাংকের প্রতিনিধি মোখলেসুর রহমান, আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, প্রযুক্তি উপদেষ্টা রাজেশ পালিত, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান ও উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। সঞ্চালনা করেন রুমানা মালিক মুনমুন।

সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুঠোফোন অ্যাপের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে নয়টি অধিবেশনে বিশেষজ্ঞরা আলোচনা করেন।
এ আয়োজনে প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যানড্রয়েড অ্যাপ লাইফ সাইকেল, গেম ডিজাইন, ইউএক্স ইউআই, অ্যাপ ব্যাকএন্ড, অ্যাপ মনিটাইজেশন ও অ্যানড্রয়েড পুশ নোটিফিকেশন উল্লেখযোগ্য। এসব অধিবেশনে আলোচক হিসেবে বক্তৃতা করেন দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা। এম এ মুবিন খান বলেন, অ্যাপ বিষয়ে প্রতিযোগী শিক্ষার্থীদের যাতে কোনো রকম দুর্বলতা না থাকে, তাই এ আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে অ্যাপ-সম্পর্কিত বিষয়ে যেকোনো সমস্যার সমাধান জানার সুযোগ পেয়েছেন প্রতিযোগী শিক্ষার্থীরা।
বুটক্যাম্পের পর ২৫ ও ২৬ নভেম্বর নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে নিজেদের ধারণাপত্র উপস্থাপন করবেন।
ইএটিএল-প্রথম আলো আয়োজিত এই প্রতিযোগিতা চতুর্থবারের মতো শুরু হয়েছে গত ২৪ মে। এরপর সারা দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে চলে অ্যাকটিভেশন রাউন্ডও। পরবর্তী ধাপে সারা দেশ থেকে প্রাথমিকভাবে জমা পড়া ধারণাপত্রের মধ্য থেকে ৫০০টি ধারণাপত্র নির্বাচন করা হয় ২৪ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা দলগতভাবে এসব ধারণাপত্র জমা দেন।

প্রতিযোগিতায় সেরা অ্যাপের জন্য রয়েছে ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে এবার যোগ হচ্ছে ট্রফি। এ ছাড়া প্রতি বিভাগে প্রথম অ্যাপ পাবে দুই লাখ টাকা।
বিশ্বব্যাংক ও কানাডা এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আই।