ইএমকে সেন্টারে মেকারল্যাব
রাজধানীর ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে চালু হলো মেকারল্যাব। গত শনিবার এই মেকারল্যাবের উদ্বোধন করেন ঢাকার মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলে। কোনো কিছুর পরিকল্পনা, পরীক্ষা-নিরীক্ষা এবং ধারণা থেকে বাস্তবায়ন—মোট কথা তরুণ উদ্ভাবকদের হাতে-কলমে শিক্ষা ও গবেষণার জন্য সব ধরনের সুবিধা পাওয়া যাবে মেকারল্যাবে।
শ্রেণিকক্ষের শিক্ষা পূর্ণতা পায় যদি সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, যদি হাতে-কলমে শেখা যায়। মেকারল্যাবের উদ্দেশ্য সেটাই। এই গবেষণাগারে থ্রিডি প্রিন্টার-স্ক্যানার, রোবটিকস যন্ত্রাংশ, অডিও-ভিডিও সম্পাদনাসহ নানা ধরনের সফটওয়্যার রাখা আছে তরুণদের কাজের সুবিধার্থে। ইএমকে সেন্টার কর্তৃপক্ষকে আগে জানিয়ে যেকোনো সদস্য বিনা মূল্যে দুই ঘণ্টার জন্য এই সুবিধা পেতে পারেন।
বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী ধারণা থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তাঁদের পরিকল্পনা অঙ্কুরেই নষ্ট হচ্ছে, বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। প্রতিযোগিতামূলক এই যুগে উচ্চপ্রযুক্তির যন্ত্র, সমমনা মানুষদের সঙ্গে পরিচয়, ব্যবসায়িক যোগাযোগ এবং শিক্ষকদের প্রেরণার মাধ্যমে এই তরুণদের সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ তৈরি ও তাঁদের সৃজনশীলতা বৃদ্ধি করবে বলেই বিশ্বাস ইএমকে সেন্টার কর্তৃপক্ষের।