ইগ নোবেল পেলেন যাঁরা
বাঁ দিকে ঝুঁকে দেখলে আইফেল টাওয়ার খাটো বলে মনে হয়, স্যামন মাছ মরে গেলেও মাথা কাজ করে, বেশি কথা বললে চুপ করিয়ে দেওয়া যাবে অদ্ভুত অস্ত্র তাক করে—এমনই মজার আর হাস্যকর বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের জন্য এবারে ‘ইগ নোবেল’ পুরস্কার দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রভিত্তিক হাস্যরসাত্মক বিজ্ঞান সাময়িকী ‘অ্যানালস অব ইমপ্রোবেবল রিসার্চ’ ১৯৯১ সাল থেকে নোবেল পুরস্কারের আগে দিয়ে আসছে মজার ইগ নোবেল পুরস্কার। এই পুরস্কার মূলত নোবেল পুরস্কারের প্যারোডি। এ পুরস্কারের মাধ্যমে এমন সব বৈজ্ঞানিক গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো ‘আগে মানুষকে হাসায়, পরে ভাবায়’। ইগ নোবেল ২০১২ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গতবারের সত্যিকারের নোবেল বিজয়ীরা। এবারের ইগ নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।ইগ নোবেল ২০১২ পাচ্ছেন যাঁরা২০ সেপ্টেম্বর এ বছরের ইগ নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছেন ‘অ্যানালস অব ইমপ্রোবেবল রিসার্চ’-এর সম্পাদক মার্ক আব্রাহামস। আব্রাহামস জানান, এ বছর মনস্তত্ত্ববিদ্যায় ইগ নোবেল পুরস্কার পাচ্ছেন ডাচ মনস্তত্ত্ববিদেরা। অ্যানিটা আরল্যান্ড, রলফ জাওয়ান ও তুলিও গোয়াদালপোর গবেষণায় দেখেছেন, বাঁ দিকে ঝুঁকে দেখলে আইফেল টাওয়ারকে খাটো দেখাবে। তাঁদের এই উদ্ভাবনের জন্যই এবারের ইগ নোবেল পাচ্ছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা পাচ্ছেন শিম্পাঞ্জি নিয়ে এক গবেষণায়। শিম্পাঞ্জি যে অন্য শিম্পাঞ্জির পেছন দিকের ছবি দেখে তাঁকে চিনতে পারে, এটাই গবেষণা করে বের করেছেন তাঁরা। এ ছাড়া সুইডেনের একজন গবেষক আবিষ্কার করেছেন, সুইডেনের অ্যান্ডারস্লভ এলাকার নির্দিষ্ট একটি বাড়িতে গেলে কোনো চুলের রং সবুজ হয়ে যায়। আব্রাহামস জানান, এবারের ইগ নোবেল পুরস্কারের মধ্যে তাঁর ব্যক্তিগত পছন্দের উদ্ভাবনটি হচ্ছে অ্যাকুস্টিক শ্রেণীতে স্পিসজ্যামার বা চুপ করিয়ে দেওয়ার যন্ত্রের উদ্ভাবন। কোলাহলপূর্ণ পরিবেশ নিমেষেই শান্ত করিয়ে দিতে সক্ষম এমন অস্ত্র তৈরি করেছেন জাপানের গবেষক কাজুতাকা কুরিহারা ও কোজি সুকাডা।স্থানান্তরযোগ্য ‘স্পিসজ্যামার’ প্রযুক্তির এই অস্ত্র শারীরিক কোনো ক্ষতি ছাড়াই মুখ বন্ধ করে দিতে সক্ষম হবে। অস্ত্রটি থেকে গুলির বদলে শব্দ তরঙ্গ বের হয়, যা বক্তার মস্তিষ্ক তরঙ্গ এলোমেলো করে দেয়; ফলে তার কথা বলা বন্ধ হয়ে যায়। অস্ত্রটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘ডিলেইড অডিটরি ফিডব্যাক’ (ডিএএফ) প্রযুক্তি। এ প্রযুক্তিতে অস্ত্রের সঙ্গে থাকা মাইক্রোফোনের সাহায্যে বক্তার বক্তব্য ধারণ করা হয় এবং দশমিক ২ সেকেন্ডের মধ্যেই তরঙ্গ আকারে ফেরত পাঠানো হয়। অস্ত্র থেকে বের হওয়া তরঙ্গ মানুষের মস্তিষ্ক তরঙ্গে প্রভাব ফেলে কথা বলা বন্ধ করে দেয়। কোলাহলপূর্ণ পরিবেশ শান্ত করতে এ অস্ত্রটির বহুবিধ ইতিবাচক ব্যবহার রয়েছে। তাই এর নির্মাতারা ইগ নোবেল পাচ্ছেন। স্নায়ুতন্ত্র নিয়ে গবেষণা করে ইগ নোবেল পাচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রেইগ বেনেট। তাঁর গবেষণায় তিনি তা প্রমাণ করেছেন, স্যামন মাছ মরে গেলেও মাথা কাজ করতে থাকে। পদার্থবিদ্যায় ইগ নোবেল পাচ্ছেন ইউনিলিভারের গবেষক ড. প্যাট্রিক ওয়ারেন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জো কেলার। মেয়েদের মাথার চুলের পনিটেইল কেন পনি টেইলের বা ঘোড়ার লেজের মতো দেখায়—গাণিতিক পদ্ধতিতে এর ব্যাখা দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এবার দ্বিতীয়বারের মতো ইগ নোবেল পাচ্ছেন জো কেলার। রাশিয়ার এসকেএন কোম্পানির গবেষক ইগর পেট্রোভ পাচ্ছেন শান্তিতে ইগ নোবেল। প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার পুরোনো গোলাবারুদ হীরায় রূপান্তর করার পদ্ধতির জন্য পাচ্ছেন এ পুরস্কার। চিকিত্সাশাস্ত্রে ইগ নোবেল পেয়েছেন ফ্রান্সের ইমানুয়েল বেন-সুজান ও মাইকেল অ্যান্তোনিয়েতি। তাঁরা কোলন চিকিত্সকদের রোগীদের থেকে সাবধান করে ঝুঁকি কমানোর পরামর্শ দিয়ে এ পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া সাহিত্যের পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট জেনারেল অ্যাকাউন্টটেবিলিটি অফিস। এ প্রতিষ্ঠানটি একটি প্রতিবেদনের প্রতিবেদন, যা সেই প্রতিবেদনের প্রস্তুতিমূলক প্রতিবেদন-সম্পর্কিত প্রতিবেদনের প্রতিবেদন ও তার প্রতিবেদনের প্রতিবেদন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় সাহিত্য পুরস্কার জিতেছে। এককাপ কফি হাতে হাঁটার সময় কফির মধ্যে নড়াচড়া নিয়ে গবেষণার জন্য এবারের ফ্লুইড ডায়নামিকস ক্ষেত্রে ইগ নোবেল পেয়েছেন রাশিয়ার গবেষক রুশলান ক্রেসেনটিকভ।