ইডটকোর গ্রুপ সিইও ঢাকা আসছেন

বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ফোন টাওয়ার কোম্পানি ইডটকোর গ্রুপ সিইও সুরেশ সিধু আজ মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। ইডটকোর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ইডটকো কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা সফরকালে সুরেশ সিধু সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে মোবাইল ফোন টাওয়ার ব্যবস্থাপনা ব্যবসার সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে আলোচনা করবেন। এ ছাড়াও, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
২০১৪ সালের আগস্ট থেকে ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুরেশ। এর আগে তিনি ২০১২ সাল পর্যন্ত সেলকম আজিয়াটা বারহাদের চিফ করপোরেট অ্যান্ড অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সুরেশ সেলকম আজিয়াটা বারহাদের নেটওয়ার্ক ও আইটি থেকে শুরু করে নীতি নির্ধারণ ও রেগুলেটরি অ্যাফেয়ার্স পর্যন্ত প্রযুক্তিভিত্তিক কাজগুলোতে দক্ষতার প্রমাণ রেখেছেন।
ইডটকো বাংলাদেশ লিমিটেড মালয়েশিয়া-ভিত্তিক আজিয়াটা গ্রুপের অংশীদারি প্রতিষ্ঠান যারা মূলত বিশ্বের ৮টি দেশে মোবাইল ফোন ও নেটওয়ার্ক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০১৩ সালের ১ জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বাংলাদেশে ইডটকো মোবাইল অপারেটর রবির সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করছে। রবির বর্তমান ৬ হাজার ৭০০ বিটিএসের মধ্যে প্রায় দেড় হাজারের বেশি টাওয়ার পরিচালনার পাশাপাশি অন্যান্য পরোক্ষ অবকাঠামো সেবা দিচ্ছে ইডটকো।
ইডটকো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে কার্যক্রম শুরুর দুই বছর পর ইডটকো বাংলাদেশ এখন তাদের সাইট ডেলিভারি ও আপটাইম সার্ভিস আরও উন্নত করছে। এছাড়া স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মান বজায় রাখার জন্য ইডটকো ইতিমধ্যে অবকাঠামোগত সমন্বয় ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত নিরীক্ষা পদ্ধতি চালু করেছে।