ইতালিতে চলছে উইকিম্যানিয়া
পাহাড় ঘেরা গ্রাম এসিনো লারিও। ইতালির মিলান শহর থেকে ১০০ কিলোমিটার দূরের এ গ্রামেই গত শুক্রবার শুরু হয়েছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়া’। এবারই প্রথম মূল শহরের বাইরে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে উইকিম্যানিয়া। তাই এবারের ১২তম আসরের স্লোগান রাখা হয়েছে ‘শহরের বাইরে উইকিম্যানিয়া’।
মাত্র ৭৬০ জন বাসিন্দার গ্রাম এসিনো লারিওর জিম হলে অনুষ্ঠিত উইকিম্যানিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উইকিপিডিয়ার নতুন নির্বাহী পরিচালক হিসেবে ক্যাথেরিন মেহারের নাম ঘোষণা করেন উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। তিনি বলেন, ক্যাথেরিন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়ায় যুক্ত আছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কার্যক্রমের জন্য বিভিন্ন দেশের ছয় নারীর কথা উল্লেখ করে জিমি ওয়েলস বলেন, যাঁরা অনলাইনে নারীদের হয়রানি বা বিব্রত করেন, তাঁরা উইকিপিডিয়ান (উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক) হতে পারেন না। অনুষ্ঠানে চলতি বছর উল্লেখযোগ্য অবদানের জন্য সেরা উইকিপিডিয়ান হিসেবে এমিলি টেম্পলি-উড এবং রোসি স্টিফেনসন-গুডনাইটের নাম ঘোষণা করেন তিনি। অনুষ্ঠান শেষে সিটি মেয়র পিয়েট্রো পেনসা সম্মানসূচক নাগরিকত্বের প্রতীক হিসেবে এসিনো লারিওর একটি ঐতিহ্যবাহী চাবি জিমি ওয়েলসের হাতে তুলে দেন।
চলতি বছর বাংলাদেশ থেকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবে তানভির রহমান, নাহিদ সুলতান, তানভির মোর্শেদ, এই প্রতিবেদক এবং সক্রিয় উইকিপিডিয়ান প্রত্যয় ঘোষ অংশ নিচ্ছেন।
বিস্তারিত: wikimania2016.wikimedia.org।
নুরুন্নবী চৌধুরী, এসিনো লারিও (ইতালি) থেকে