ইতিহাস গড়লেন মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের পর মেরকেলের উদ্যাপন। ছবি: রয়টার্স
বিজয়ের পর মেরকেলের উদ্যাপন। ছবি: রয়টার্স

ইতিহাস গড়ে আবারও চ্যান্সেলর হলেন আঙ্গেলা মেরকেল। এটা নির্বাচনী টানা তৃতীয় বিজয় তাঁর। এবার জয়ের সম্ভাবনা ছিলই, কিন্তু এ রকম সাফল্যের দুয়ারে পৌঁছাবেন, সে ব্যাপারে কিছুদিন আগেও কেউ নিশ্চিত হতে পারেননি।জার্মানির রাজনীতিতে এক প্রায়-অসম্ভবকে সম্ভব করেছেন মেরকেল। আগে এটি করতে পেরেছিলেন আর মাত্র দুজন। মেরকেলের দলেরই দুই সাবেক চ্যান্সেলর কনরাড আডেনআওয়ার ও হেলমুট কোল। বিশেষ করে একজন নারী হয়ে তিন দফা চ্যান্সেলর পদে বিজয়ী হওয়া সত্যিই ঐতিহাসিক ঘটনা। তা ছাড়া জার্মানির নির্বাচনী ইতিহাসে হেলমুট কোলের পুনরেকত্রীকরণ নির্বাচনের পর সবচেয়ে বড় জয় পেয়েছেন তিনি।জার্মানির সংবাদমাধ্যম বলছে, ৫৯ বছর বয়সী মেরকেলের জনপ্রিয়তা এমনিতেই উল্লেখযাগ্য। তার ওপর এবারের নির্বাচনে ব্যক্তি মেরকেলের ভাবমূর্তি বিশেষ করে সহজ-সরল ভোটারদের প্রভাবিত করেছে। যেসব ভোটার অর্থনীতি আর রাজনীতির জটিল বিষয় বুঝতে চান না, তাঁরা আঙ্গেলা মেরকেলকে বিশ্বাস করে ভোট দিয়েছেন।এবারের নির্বাচনে আঙ্গেলা মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দল তাদের ইশতেহারে ক্ষমতাসীন সরকারকে অভিযুক্ত করে বলেছিল, আট বছর ধরে ক্ষমতায় থাকলেও ধনী আর গরিবদের কর দেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা দূর, ন্যূনতম মজুরি বা অবসরভাতা, গৃহায়ণ-সমস্যা ও গৃহায়ণ-ভাতার ক্ষেত্রে পুরোনো সমস্যাগুলোর কোনো সুরাহা করেননি চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। শিক্ষার ক্ষেত্রে নতুন কাঠামো বা পরিবেশ বিষয়ে তাঁরা ততটা উৎসাহী নন। কিন্তু তাঁদের কথা ভোটারদের খুব প্রভাবিত করতে পারেনি, ফলই তা বলে দেয়। নির্বাচনে জেতাটা হয়ে গেছে, এবার মেরকেলের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ—কার্যকর জোট গঠন। মেরকেলের সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন ভালো ফল করলেও ক্ষমতাসীন জোটের আরেক শরিক ফ্রি ডেমোক্রেটিক দল মূল ভোটের ৫ শতাংশ পেতে ব্যর্থ হওয়ায় নতুন পার্লামেন্টে যেতে পারছে না। ফলে ঠিক পুরোনো জোট নিয়ে এবার ক্ষমতায় যাচ্ছেন না আঙ্গেলা মেরকেল। তা ছাড়া পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতার বলয়ের পরিবর্তন ঘটবে। কিছুটা ছাড় দিয়ে অথবা শরিকদের দাবি মেনে সরকার গঠন ও পরিচালনা করতে হবে মেরকেলকে। এ ক্ষেত্রে জার্মানির বড় দুই দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং সোশ্যাল ডেমোক্রেটিক দলের ২০০৫ সালের মডেলে মহাজোট সরকার গঠিত হতে পারে। অথবা জার্মানির রাজনৈতিক সমীকরণে এই প্রথম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সঙ্গে পরিবেশবাদী গ্রিন পার্টির জোট সরকার গঠিত হতে পারে।

নির্বাচনের পরের দিন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন নিয়ে আলোচনা চলছে। চ্যান্সেলর মেরকেল সেদিন জানান, জার্মান গণতন্ত্রের স্বার্থে একটি কার্যকর সরকার গঠনে বিরোধী দলগুলোরও সমান দায়িত্ব রয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটিক দলের চ্যান্সেলর প্রার্থী পেয়ার স্টাইনব্রুক জোট গঠনের প্রশ্নে বলেছেন, বল এখন আঙ্গেলা মেরকেলের কোর্টে। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে আগামী চার বছর তিনি কোন শরিকদের নিয়ে দেশ শাসন করবেন।

হামবুর্গে জন্মগ্রহণকারী আঙ্গেলা ডরোথিয়া মেরকেল জন্মের পরপরই তাঁর সমাজতান্ত্রিক ধারণায় বিশ্বাসী ধর্মযাজক পিতার সঙ্গে পশ্চিম থেকে পূর্ব জার্মানিতে চলে যান। ১৯৮৯ সালের শেষের দিকে যখন পূর্ব জার্মানির বহু বছরের সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হচ্ছিল, তখন সেখানে গণতান্ত্রিক জোটের মুখপাত্র হয়েছিলেন মেরকেল। ১৯৯০ সালে পূর্ব জার্মানির সাধারণ নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী লোথার ডে মেসায়ারের সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পদার্থবিদ্যার কৃতী ছাত্রী মেরকেল সেই বছরই হেলমুট কোলের হাত ধরে ঐক্যবদ্ধ জার্মানির রাজনীতিতে প্রবেশ করেন। চ্যান্সেলর কোলের মন্ত্রিসভায় ১৯৯১ সালে পরিবারবিষয়ক এবং ১৯৯৪ সালে পরিবেশবিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৮ সালে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক হন। ২০০০ সাল থেকে দলের সভানেত্রী। রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলে অনেক ঝানু রাজনীতিক থাকলেও, মেরকেল প্রতিভা আর কৌশলের জোরে সবাইকে পাশ কাটিয়ে দেশের রাজনীতিতে নিজ অবস্থান গড়ে নেন।